জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) আবদুল মুনতাকিম বাজেট আলোচনায় নিজেকে শহীদ মুক্তিযোদ্ধার সন্তান দাবি করার বিষয়টি সংসদের কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করা হবে বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ১১তম দিনে স্পিকার এ কথা জানান। সংসদের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করেন স্পিকার। এ সময় পয়েন্ট অব অর্ডারে দাঁড়ান সরকার দলীয় একজন সদস্য।
তিনি পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বলেন, গত ১৪ জুন নীলফামারী-৪ আসন থেকে নির্বাচিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) আবদুল মুনতাকিম বাজেটের ওপর আলোচনা করতে গিয়ে উনি শহীদ মুক্তিযোদ্ধার সন্তান দাবি করেছেন যেটা অসত্য। উনার পিতা এখনও জীবিত আছেন এটা সংসদ কার্য বিবরণীতে এই বিষয়টা অন্তর্ভুক্ত হয়ে গেছে ইতিমধ্যেই। এই অসত্য বিবৃতিটি এক্সপাঞ্জ করার জন্য আমি আপনার (স্পিকার) কাছে সবিনয় নিবেদন করছি।
এ সময় স্পিকার বলেন, এটাতো পয়েন্ট অব অর্ডার হল না। কিন্তু যে সদস্যের কথা আপনি বলছেন তিনি আমার চেম্বারে এসে বক্তব্যের পরেই সেদিনই আমার সঙ্গে দেখা করেছেন এবং বলেছেন যে ভুলক্রমে তার মুখ থেকে এটা বেরিয়ে এসেছে, তার পিতা এখনও জীবিত আছেন তিনি আমাকে জানিয়েছেন। এ বিষয়টি পত্রপত্রিকাটাও এসেছে এবং সদস্য তিনি নিজেও বক্তব্য দিয়ে তার ভুল স্বীকার করেছেন। এটা স্লিপ অব টাং বা অনিচ্ছাকৃত একটি ভুল, সুতরাং এটিকে সংসদের কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করা হবে।
