ইকুয়েডরকে রুখে দিয়ে কুরাসাওয়ের ইতিহাস

গোলরক্ষক এলয় রুমের বীরত্ব

ইকুয়েডরকে রুখে দিয়ে কুরাসাওয়ের ইতিহাস

ফন্ট সাইজ:

ফিফা বিশ্বকাপের অভিষেক আসরে ইতিহাস গড়লো কুরাসাও। ইকুয়েডরকে আটকে দিয়ে নিজেদের প্রথম বিশ্বকাপেই পয়েন্ট তুলে নিয়েছে দ্বীপরাষ্ট্রটি। অ্যারোহেড স্টেডিয়ামে দু'দলের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। আর এ ড্র'য়ের নায়ক কুরাসাওয়ের গোলরক্ষক এলয় রুম। চীনের প্রাচীররূপে ধরা দিয়ে ইকুয়েডরের আক্রমণভাগকে চ্যালেঞ্জ জানান। পুরো ম্যাচে ইকুয়েডর নিয়েছে ২৮টি শট, যার মধ্যে ১৫টি ছিল লক্ষ্যে। কিন্তু প্রতিটি আক্রমণেই বাধা হয়ে দাঁড়ান রুম। ১৯৬৬ সালের পর থেকে কোনো নির্ধারিত সময়ের (অতিরিক্ত সময় ছাড়া) বিশ্বকাপ ম্যাচে এক গোলরক্ষকের সর্বোচ্চ সেভের রেকর্ড এটি।


জনসংখ্যার বিচারে বিশ্বকাপে খেলা সবচেয়ে ছোট দেশ কুরাসাও। দুঃস্বপ্নের মতো আসর শুরু করে তারা। বিশ্বকাপ অভিষেকে জার্মানির কাছে ৭-১ গোলের বিধ্বস্ত হয়। সেই দাগ মুছে ইকুয়েডরের বিপক্ষে ইতিহাস গড়লো কুরাসাও।


গ্যালারিতে অবশ্য সংখ্যায় এগিয়ে ছিলেন ইকুয়েডর সমর্থকরাই। যাদের হলুদ জার্সিতে ছেয়ে যায় গোটা স্টেডিয়াম। কুরাসাওকে সমর্থন দিতে নেদারল্যান্ডসের রাজা উইলেম আলেক্সান্ডার ও রানি ম্যাক্সিমা গ্যালারিতে বসে খেলা দেখেন।বসে সমর্থন জোগান দলটিকে।

কুরাসাও নেদারল্যান্ডস রাজ্যের অধীনে একটি স্বায়ত্তশাসিত দেশ। দলটির ২৬ সদস্যের স্কোয়াডের ২৫ জনই জন্মগ্রহণ করেছেন নেদারল্যান্ডসে। বেশিরভাগই খেলেন ডাচ ফুটবলে। দলের কোচের দায়িত্বে আছেন অভিজ্ঞ ডাচ কোচ ডিক আডভোকাট।

তৃতীয় মিনিটেই ওয়েস্ট হ্যামের সাবেক ফরোয়ার্ড এনার ভ্যালেন্সিয়া দারুণ এক সুযোগ পান। কিন্তু রুমের তৎপরতায় বল পোস্ট ঘেঁষে বাইরে যায়। পাল্টা আক্রমণে কুরাসাওয়ের শেরেল ফ্লোরানুসের শট অবশ্য লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর কাছ থেকেও ভ্যালেন্সিয়া ব্যর্থ হন। জর্ডি আলসিভারের চেষ্টাও কাজে আসেনি।

প্রথমার্ধে বলের দখল বেশি ছিল ইকুয়েডর। প্রায় ৬৫ শতাংশ সময় বল ছিল তাদের পায়ে। কিন্তু সেই আধিপত্যকে গোলে রূপ দিতে পারেনি তারা। গঞ্জালো প্লাতার হেডারও রুখে দেন রুম, এরপর একের পর এক সুযোগ তৈরি করে কুরাসাও। ম্যাচ যত গড়িয়েছে, ততই গোলের জন্য মরিয়া হয়ে উঠেছে র‍্যাঙ্কিংয়ে ৫০ ধাপেরও বেশি এগিয়ে থাকা ইকুয়েডর। শেষদিকে বদলি খেলোয়াড় অ্যাঞ্জেলো প্রেসিয়াদোর একটি ক্রস ক্রসবারের উপরের অংশে লেগে বাইরে চলে যায়। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই রুমকফ ঘিরে উল্লাসে মেতে ওঠেন কুরাসাওয়ের খেলোয়াড়রা। এক অবিস্মরণীয় পয়েন্ট অর্জনের আনন্দে।

এদিকে টরন্টোয় আরেক ম্যাচে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি পিছিয়ে পড়েও আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে নিশ্চিত করেছে শেষ ৩২-এ জায়গা। কুরাসাওয়ের এই ড্রয়ের ফলে গ্রুপের শীর্ষেই থাকছে জার্মানি। আগামী বৃহস্পতিবার ইকুয়েডরের প্রতিপক্ষ জার্মানি, আর কুরাসাও মুখোমুখি হবে আইভরি কোস্টের।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন