আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ নারী দল। দ্য রোজ বোলে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ১২৩ রান। জবাবে পাকিস্তান ৮ উইকেটে ১০০ রানে থামে।
বাংলাদেশের ইনিংসের শুরুটা ভালো হয়নি। মাত্র ১৩ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় টাইগ্রেসরা। দিলারা আক্তার (৫), জুয়াইরিয়া ফেরদৌস (৭) ও শারমিন আক্তার (০) দ্রুত সাজঘরে ফেরেন। সেখান থেকে দলকে টেনে তোলেন অধিনায়ক নিগার সুলতানা ও সোবহানা মোস্তারি। নিগার ৩৮ বলে ৫ চারের সাহায্যে করেন ৩৬ রান, আর সোবহানা ১৯ বলে ৩ চারে করেন ২২ রান। তবে শেষদিকের ঝড় তোলেন স্বর্না আক্তার। মাত্র ২২ বলে ৫ চারের সাহায্যে অপরাজিত ৩৯ রানের ইনিংস খেলেন। এ ইনিংস বাংলাদেশকে লড়াকু পুঁজি এনে দেয়। পাকিস্তানের পক্ষে ফাতিমা সানা ২ এবং সাদিয়া ইকবাল, তাসমিয়া রুবাব ও নাশরা সান্ধু ১টি করে উইকেট নেন।
১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান শুরুটা মন্দ করেনি। ওপেনার মুনিবা আলি ৩০ বলে ২৫ এবং গুল ফেরোজা ১৮ বলে ২৩ রান করে দলকে ভালো ভিত্তি এনে দেন। তবে এরপরই বাংলাদেশের বোলাররা দারুণভাবে ম্যাচে ফেরে। নাহিদা আক্তার ও সানজিদা আক্তার মেঘলা তিনটি করে উইকেট তুলে নিয়ে পাকিস্তানের মিডল অর্ডার ভেঙে দেন। আয়েশা জাফর, ইরাম জাভেদ ও আলিয়া রিয়াজ দ্রুত আউট হলে চাপে পড়ে যায় পাকিস্তান। অধিনায়ক ফাতিমা সানা ১৭ বলে ১০ রান করেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০০ রানেই থেমে যায় পাকিস্তান। এতে এবারের বিশ্বকাপে দ্বিতীয় জয়ের দেখা পায় নিগার সুলতানা জ্যোতির দল।
এই জয়ের ফলে ‘এ’ গ্রুপে চার পয়েন্ট নিয়ে তিনে বাংলাদেশ। সেমিফাইনালের দৌড়ে এখনও টিকে আছে জ্যোতির দল। তিন ম্যাচের সবকটি জিতে শীর্ষে থাকা অস্ট্রেলিয়া। ভারত দুই ম্যাচে দুই জয়ে আছে দ্বিতীয় স্থানে।
পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ
স্পোর্টস রিপোর্টার
খেলা
৪ ঘন্টা আগে
২০ জুন (শনিবার), ২০২৬, ১১ঃ১৬ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
