স্বপ্ন বাঁচানোর লড়াই সালাহর

স্বপ্ন বাঁচানোর লড়াই সালাহর

ফন্ট সাইজ:

বিশ্বকাপে নকআউট পর্বে খেলার সৌভাগ্য কখনোই হয়নি মিশরের। হবে কী করে, আজ পর্যন্ত দলটি গ্রুপ পর্বে কোনো ম্যাচই জিততে পারেনি। এবার বেলজিয়ামের বিপক্ষে জয়ের সম্ভাবনা জাগিয়েও ১-১ গোলে ড্র মেনে মাঠ ছাড়েন সালাহ-মারমুশরা। প্রথম জয় আর টিকে থাকার স্বপ্ন পূরণের লক্ষ্যে সালাহর মিশর দ্বিতীয় ম্যাচে মোকাবিলা করবে নিউজিল্যান্ডের। কানাডার ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে খেলা শুরু আগামীকাল সকাল ৭টায়। এর আগে লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে রাত ১টায় বেলজিয়াম মুখোমুখি হবে ইরানের। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করে ইরান। মাঠের বাইরে নানা জটিলতার জবাব জিতেই দিতে চাইবে দলটি। ‘জি’ গ্রুপে মিসর, বেলজিয়াম, ইরান ও নিউজিল্যান্ড- চার দলেরই সমান ১ পয়েন্ট। দ্বিতীয় ম্যাচে যারাই জিতবে তারাই শেষ ৩২-এর পথে এগিয়ে যাবে। তবে পুরোপুরি নিশ্চিত হতে শেষ রাউন্ড পর্যন্ত অপেক্ষা করতে হবে।

আর দ্বিতীয় ম্যাচে কোনো দল হেরে গেলেও তার সম্ভাবনা শেষ হয়ে যাবে না। রেকর্ড মিশরের পক্ষে তবে নিউজিল্যান্ড আত্মবিশ্বাসী। এর আগে তিন ম্যাচ খেলে দুটিতে জয় ও একটি ড্র করে মিশর। তবে প্রথম জয়ের সন্ধানে থাকা নিউজিল্যান্ডও ছেড়ে কথা বলবে না। ২০১০ বিশ্বকাপে নিজেদের একমাত্র অংশগ্রহণে তিনটি ম্যাচই ড্র করে নিউজিল্যান্ড। এবারও ইরানের বিপক্ষে খুব কাছে গিয়েও অধরা থেকে যায় জয়। তবে দলটিকে স্বপ্ন দেখাচ্ছে এলিজাহ জাস্ট। ইরানের বিপক্ষে জোড়া গোল করেন তিনি।

অভিজ্ঞ স্ট্রাইকার ক্রিস উডের দিকেও তাকিয়ে থাকবে কোচ ড্যারেন বাজলি। অন্যদিকে, প্রথম ম্যাচে গোল না পেলেও বড় ত্রাস হিসেবেই মাঠে নামবেন মোহাম্মদ সালাহ। তবে বাছাইপর্বে ৯ গোল করা সালাহকে ঘিরে পরিকল্পনা সাজাতে চান না কোচ হোসাম হাসান। তিনি স্পষ্ট করে দিয়েছেন, ‘সমগ্র বিশ্ব সম্মানিত দল হিসেবে মিশরকে দেখতে চায়। সেখানে সালাহও আছে। কিন্তু আমরা কোনো একক তারকার ওপর নির্ভর করতে চাই না। আমরা পুরো দলকে নিয়েই এগোতে চাই এবং একটি দীর্ঘমেয়াদি প্রকল্পের অংশ হিসেবে কাজ করছি।’ বেলজিয়ামের বিপক্ষে গোল করেছিলেন মিডফিল্ডার ইমাম আশুর। তার দিকে বিশেষ নজর থাকবে আজ।

ইরানকে সমীহ কুর্তোয়ার
ইরানের বিপক্ষে কোনো ম্যাচ খেলার পূর্ব অভিজ্ঞতা নেই বেলজিয়ামের। অচেনা প্রতিপক্ষের মোকাবিলা করার আগে সতীর্থদের সতর্ক করেছেন থিবো কুর্তোয়া। বেলজিক গোলরক্ষক বলেন, ইরানের যথেষ্ট সামর্থ্য রয়েছে এবং বেলজিয়ামকে শুরু থেকেই ছন্দে থাকতে হবে। মিসরের বিপক্ষে পাসিং ও ম্যাচের মোমেন্টাম নিয়ে যে সমস্যা ছিল সেগুলো কাটিয়ে উঠতে হবে। বেলজিক কোচ রুডি গার্সিয়াও স্বীকার করে নেন, তার দল প্রত্যাশানুযায়ী খেলতে পারেনি। নকআউট পর্বে যেতে জয়ের বিকল্প দেখছেন না তিনি। দলের মূল তারকারা সবাই ফিট। আগের ম্যাচে বদলি হিসেবে নামা রোমেলু লুকাকু শুরুতেই নামতে পারেন এবার। ইরান শিবিরে চোট না থাকলেও ভ্রমণজনিত ক্লান্তি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ম্যাচের মাত্র ২৪ ঘণ্টা আগে লস অ্যাঞ্জেলেসে যাওয়ার প্রভাব পারফরম্যান্সে পড়বে বলে অভিযোগ করেছে দলটি।

‘জি’ গ্রুপের দৃশ্যপট
চার দলই নিজেদের প্রথম ম্যাচে ড্র করায় সবার সামনে সমান সুযোগ। দ্বিতীয় ম্যাচের ফলাফল যাই হোক না কেন কেউ পরের রাউন্ডের টিকিট পাবে না, আবার বাদও পড়বে না।
‘জি’ গ্রুপ চ্যাম্পিয়ন দল খেলবে গ্রুপ পর্বে তৃতীয় হওয়া কোনো দলের বিপক্ষে। কাজেই তিন রাউন্ড খেলা না হওয়া পর্যন্ত প্রতিপক্ষ নির্ণয় করা কঠিন।
‘জি’ গ্রুপ রানার্সআপ দল মোকাবিলা করবে ‘ডি’ গ্রুপের রানার্সআপ দলের। তুরস্ক ইতোমধ্যেই আসর থেকে ছিটকে গেছে। সেক্ষেত্রে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ অস্ট্রেলিয়া বা প্যারাগুয়ে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন