স্কটল্যান্ড ম্যাচে ফিরছেন নেইমার তবে...

স্কটল্যান্ড ম্যাচে ফিরছেন নেইমার তবে...

ফন্ট সাইজ:

চোট কাটিয়ে ব্রাজিল দলে ফিরছেন নেইমার জুনিয়র। হাইতির বিপক্ষে জয়ের পর ভক্তদের এমন সুখবর দিয়েছেন কোচ কালোর্স আনচেলোত্তি। তিনি বলেছেন, নেইমার পরের ম্যাচের স্কোয়াডে থাকছেন। তবে শুরুর একাদশে থাকবেন কিনা সে ব্যাপারে স্পষ্ট কিছু জানাননি।

প্রায় একমাস আগে ম্যাচ খেলতে সবশেষ মাঠে নেমেছিলেন নেইমার। সান্তোসের হয়ে খেলতে নেমে মাসলের চোটে পড়েন ৩৪ বছর বয়সী এই তারকা। গ্রেড-২ চোটের কারণে তিন সপ্তাহের পুনর্বাসনের মধ্যে ছিলেন তিনি। জাতীয় দলে ডাক পাবেন কিনা সেই নিয়ে সংশয়ে ছিলেন। ঠিকই ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা করে নেন নেইমার। অপেক্ষা ছিল, কবে তাকে ব্রাজিল জার্সিতে দেখা যাবে। হাইতি ম্যাচে নামার কথা থাকলেও পরে জানানো হয়, তিনি ফিট নন। মরক্কোর বিপক্ষে ম্যাচে ডাগআউটে দেখা যায় নেইমারকে। কিন্তু ফিলাডেলফিয়ায় হাইতির বিরুদ্ধে ব্রাজিলের ম্যাচের সময় নেইমার রিকভারির জন্য ছিলেন নিউ জার্সিতে। মরক্কোর বিপক্ষে ড্র আর হাইতির বিপক্ষে জয়ের পরও ব্রাজিলের বিশ্বকাপ যাত্রায় নেইমারের অভাব স্পষ্ট। হাইতি ম্যাচের পর কোচ আনচেলত্তি সংবাদ সম্মেলনে জানান, ‘নেইমার আগামীকাল একক
অনুশীলন করবে এবং সোমবার থেকে দলের সঙ্গে পুরো অনুশীলনে যোগ দেবে। স্কটল্যান্ডের বিপক্ষে তাকে অবশ্যই পাওয়া যাবে।’

বিশ্বকাপ বাছাইপর্বে ৪ ম্যাচে মাঠে নেমে ২ গোল ও ৩ অ্যাসিস্ট করে নিজের অপরিহার্যতা আগেই প্রমাণ করেছেন নেইমার। হাইতিকে হারানোর পর ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে বর্তমানে ‘সি’ গ্রুপের শীর্ষে ব্রাজিল। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে মরক্কো। গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে নকআউট পর্বে যেতে স্কটল্যান্ড ম্যাচের ওপর গুরুত্ব দিচ্ছেন আনচেলত্তি। স্কটিশদের বিপক্ষে লড়াইয়ের আগে সতর্ক ব্রাজিলিয়ান কোচ বলেন, ‘স্কটল্যান্ডের নিজস্ব শক্তিমত্তা আছে, যা মরক্কোর বিপক্ষে ম্যাচেও দেখা গেছে। তাই আত্মতুষ্টির সুযোগ নেই। আমরা প্রতিটি দিন নিজেদের উন্নতির দিকে মনোযোগ দিচ্ছি এবং স্কটল্যান্ড ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছি।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন