উন্মুক্ত গ্রুপে পরীক্ষা স্পেন উরুগুয়ের

উন্মুক্ত গ্রুপে পরীক্ষা স্পেন উরুগুয়ের

ফন্ট সাইজ:

দারুণ জমে উঠেছে ‘এইচ’ গ্রুপের লড়াই। সবার জন্যই উন্মুক্ত শেষ ৩২-এর দরজা। স্পেন ও উরুগুয়ের মতো সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের জন্য কাঁটা বিছিয়ে রেখেছে প্রতিপক্ষ শিবির। প্রথম ম্যাচে স্পেনের কাছ থেকে পয়েন্ট কেড়ে নেয় কেপ ভার্দে। উরুগুয়েকে জিততে দেয়নি সৌদি আরবও। ফলে চারটি দলেরই সংগ্রহ এক পয়েন্ট করে। আটলান্টা স্টেডিয়ামে আজ রাত ১০টায় নিজেদের দ্বিতীয় ম্যাচে স্পেনের প্রতিপক্ষ সৌদি আরব। এরপর কাল ভোর ৪টায় গ্রুপের অন্য ম্যাচে উরগুয়ে মোকাবিলা করবে কেপ ভার্দের। উরগুইয়ান কোচ মার্সেলো বিয়েলসার কাছে ম্যাচটি কার্যত ‘ফাইনাল’। আর দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের হতাশায় পুড়াতে চান কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। তার অতিমানবীয় পারফরম্যান্সেই জয়বঞ্চিত হয়েছিল স্পেন।

দ্বিতীয় ম্যাচে জিতেও অবশ্য কোনো দলই শেষ ৩২ নিশ্চিত করতে পারবে না। আবার বাদও পড়বে না। তবে নকআউটে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পেতে জয়েই চোখ রাখবে দলগুলো। স্পেন ও উরুগুয়ে নিশ্চয়ই চাইবে না তাদের সামনে আর্জেন্টিনার মতো দল এসে পড়ুক। সূচি অনুযায়ী ‘এইচ’ গ্রুপে রানার্সআপ হলে পরের রাউন্ডে তাদের খেলবে হবে ‘জে’ গ্রুপের সেরা দলের বিপক্ষে। কোনো অঘটন না ঘটলে ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ার কথা আর্জেন্টিনারই। অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার আগামীকালের ম্যাচের পর অনেকটাই স্পষ্ট হয়ে যাবে, কারা হচ্ছে ‘জে’ গ্রুপ চ্যাম্পিয়ন।

ভুল থেকে শিক্ষা নেবেন ফুয়েন্তে?
সৌদি ম্যাচের আগে বড় প্রশ্ন কীভাবে গোল খরা কাটাবে স্পেন। দলে তারকার ছড়াছড়ি। বাছাই পর্বেও বড় বড় জয়। কিন্তু মূল পর্বে এসে যেন নিজেদের হারিয়ে ফেলে ২০১০ চ্যাম্পিয়নরা। কেপ ভার্দের মতো নবাগত দলের বিপক্ষেও জালের দিশা পায়নি স্পেন। গোলশূন্য ড্রয়ে সমালোচনার মুখে পড়েছেন দলের ইউরোজীয় কোচ লুইস লা ফুয়েন্তে। ফুটবলবোদ্ধাদের মতে, বিকল্প কোনো পরিকল্পনা না থাকায় অকার্যকর হয়ে পড়েছে তার ট্যাকটিকস। তাদের দাবি, ফুয়েন্তে ২০২২ বিশ্বকাপে লুইস এনরিকের করা ভুলগুলোই পুনরাবৃত্তি করেছেন। অর্থাৎ, কেপ ভার্দের মতো ডিফেন্সিভ দলের ‘লো ব্লক’ ভাঙার জন্য কোনো প্ল্যান ‘বি’ ছিল না ফুয়েন্তের। এছাড়া গাভিকে স্বাভাবিক পজিশনের বাইরে খেলানো, ফেরান তোরেসের ওপর অতিরিক্ত নির্ভরতা, দানি অলমো ও ইয়েরিমো পিনোর মতো খেলোয়াড়দের যথাযথ সুযোগ না দেওয়ারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে ফুয়েন্তে অনেক ইনফর্ম খেলোয়াড়কে বসিয়ে তার পছন্দসই ফুটবলারকে খেলাচ্ছেন। ফলে সৌদি আরবের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে পড়বে স্পেন। যদিও সৌদির বিপক্ষে তিন দেখাতেই জয় দেখেছে লা রোহারা। সবশেষ ২০০৬ বিশ্বকাপে ১-০ গোলের জয় কুড়ায় স্পেন। ওটাই দু’দলের শেষ দেখা। আর স্প্যানিয়ার্ড গোলরক্ষক ডেভিড রায়া বলেন, ‘বিশ্বকাপের মতো আসরে শুরুটা সবসময় পরিকল্পনামাফিক হয় না। প্রথম ম্যাচের হতাশা পেছনে ফেলে এখন আমাদের পুরো মনোযোগ পরের ম্যাচে। নিজেদের মান অনুযায়ী খেলতে হবে এবং পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হবে।’

কৌশলে পরিবর্তন আনবে উরুগুয়ে
সৌদি আরবের সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর কৌশলে পরিবর্তন আনার কথা ভাবছেন কোচ বিয়েলসা। উরুগুইয়ান সংবাদমাধ্যম জানিয়েছে, সৌদির বিপক্ষে শুরু থেকেই খেলতে পারেন হুয়ান ম্যানুয়েল সানাব্রিয়া, অগাস্টিন কানোবিও। আক্রমণভাগের ধার বাড়াতে কানোবিও ডারউইন নুনেজের জায়গা নেবেন। স্বস্তির খবর হলো, অভিজ্ঞ ডিফেন্ডার হোসে মারিয়া হিমেনেজ স্বাভাবিক অনুশীলনে ফিরেছেন।

‘এইচ’ গ্রুপের চালচিত্র
উরুগুয়ে, সৌদি আরব, স্পেন ও কেপ ভার্দে- চার দলেরই সংগ্রহ ১ পয়েন্ট করে। ফলে দ্বিতীয় ম্যাচের ফল যাই হোক, কেউই শেষ ৩২-এর টিকিট পাচ্ছে না, আবার বাদও পড়বে না।
‘এইচ’ গ্রুপের চ্যাম্পিয়ন দল মোকাবিলা করবে ‘জে’ গ্রুপের (আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান) রানার্সআপ দলের।
‘এইচ’ গ্রুপের রানার্সআপ ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন দলের মুখোমুখি হবে। এক্ষেত্রে সম্ভাব্য প্রতিপক্ষ আর্জেন্টিনা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন