মরক্কোর হয়ে ইতিহাস গড়ার পর সালাহর পাশে সাইবারি

মরক্কোর হয়ে ইতিহাস গড়ার পর সালাহর পাশে সাইবারি

ফন্ট সাইজ:

বস্টন স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের বয়স তখন মাত্র ৭১ সেকেন্ড। রিয়াল মাদ্রিদের ব্রাহিম দিয়াজের পাস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে স্কটিশ গোলকিপার অ্যাঙ্গাস গানকে পরাস্ত করলেন ইসমায়েল সাইবারি। আর এই নিখুঁত ফিনিশিংয়ের মাধ্যমে ২০২৬ বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড গড়েন ২৫ বছর বয়সী এই মরক্কান তারকা। যদিও পরের ম্যাচে তুরস্কের বিপক্ষে ৬৪ সেকেন্ডে গোল করে রেকর্ডটি ভেঙে দেন প্যারাগুয়ের মাতিয়াস গালারজা। তবে বিশ্বমঞ্চে মরক্কোর হয়ে দ্রুততম গোলের রেকর্ড গড়া সাইবারির ওই গোলেই স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে আশরাফ হাকিমিরা। চলতি বিশ্বকাপে এটি মরক্কোর প্রথম জয়।

এর আগে ব্রাজিলের বিপক্ষে ১-১ ড্রয়ের ম্যাচেও দলের একমাত্র গোলটি করেন সাইবারি। এর মাধ্যমে মিশরের মোহাম্মদ সালাহর পর আফ্রিকার মাত্র দ্বিতীয় ফুটবলার হিসেবে বিশ্বকাপে নিজের প্রথম দুই ম্যাচেই গোল করার অনন্য কীর্তি গড়লেন সাইবারি। এই বিশ্বকাপের আগে কখনোই মূল স্ট্রাইকার হিসেবে খেলেননি সাইবারি। কাতার বিশ্বকাপে মরক্কোকে সেমিফাইনালে তোলা সাবেক কোচ রেগরাগি তাকে খেলাতেন উইঙ্গার হিসেবে। তবে বর্তমান কোচ মোহামেদ ওয়াহবি তার গতি ও ডিফেন্স ভাঙার ক্ষমতা দেখে তাকে স্ট্রাইকার বানানোর বাজি ধরেন। সাইবারি সেই আস্থার প্রতিদান দিচ্ছেন দারুণভাবে। বর্তমানে ডাচ চ্যাম্পিয়ন পিএসভি আইন্দহোভেন থেকে ৬৩ মিলিয়ন ডলারে বায়ার্ন মিউনিখে যাওয়ার গুঞ্জন চলছে এই তারকার।

স্পেন বা বেলজিয়ামের হয়ে খেলার সুযোগ থাকলেও মন থেকে মরক্কোকেই বেছে নেন সাইবারি। দলটির এই পারিবারিক বন্ধন নিয়ে তিনি বলেন, ‘আমাদের সবার লক্ষ্য এক, স্বপ্নও এক। মাঠের বাইরেও আমরা একসাথে হাসি, গল্প করি। আমরা ঠিক একটি পরিবারের মতো।’ জাতীয় দল নির্বাচন নিয়ে তার সরল উক্তি, ‘যখন আপনি কোনো জাতীয় দল বেছে নেবেন, সেটা মন থেকে আসা উচিত। কোনো কৌশলগত হিসাব-নিকাশ থেকে নয়। আপনি পুরো একটি দেশের প্রতিনিধিত্ব করছেন, তাই আপনাকে হৃদয় দিয়ে খেলতে হবে।’

দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে মরক্কো। আগামী বুধবার আটলান্টায় হাইতির মুখোমুখি হবে তারা, যেখানে জয় পেলেই নিশ্চিত হবে শেষ ৩২-এর টিকিট।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন