কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ ও মহানগর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন, কুমিল্লা দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। অপরিকল্পিত নগরায়ন ও সমন্বয়হীন উন্নয়ন কর্মকাণ্ডের কারণে নগরীর বিভিন্ন সমস্যা দিন দিন প্রকট হচ্ছে। এসব সমস্যা সমাধানে জনপ্রতিনিধি, উন্নয়ন কর্তৃপক্ষ ও সিটি করপোরেশনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সবাই সমন্বিতভাবে কাজ করলে কুমিল্লার উন্নয়নে পরিবর্তন ঘটবে। শুক্রবার সন্ধ্যায় নগরীর মনির টাওয়ারস্থ হলরুমে অনুষ্ঠিত ‘কুমিল্লা উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান উদবাতুল বারী আবুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এমপি মনিরুল হক চৌধুরী।
দক্ষিণ জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে এবং মহানগর বিএনপি নেতা সোহেল মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় দক্ষিণ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াশিম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভূঁইয়া স্বপন, কৃষক দলের সভাপতি মোস্তফা জামান, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী, সদর দক্ষিণ উপজেলা বিএনপি’র সভাপতি এডভোকেট আখতার হোসেন, মহানগর যুবদলের আহ্বায়ক পাভেলুর রহমান, সাবেক কাউন্সিলর খলিলুর রহমান মজুমদারসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্যে মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লা পৌরসভার বয়স ১৭৫ বছর এবং সিটি করপোরেশন প্রতিষ্ঠারও এক যুগের বেশি সময় পার হয়েছে। কিন্তু এত দীর্ঘ সময়েও সিটি করপোরেশনের সীমানা এক ইঞ্চিও বাড়ানো হয়নি। এ দায় কুমিল্লার রাজনৈতিক নেতৃত্ব এড়াতে পারে না।
তিনি বলেন, এখন সময় এসেছে সবাই মিলে কুমিল্লার উন্নয়নে কাজ করার। আমরা সবাই সমন্বিতভাবে কাজ করলে কুমিল্লার উন্নয়নে দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব। কুমিল্লায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংসদ সদস্য বলেন, কুমিল্লা এখন মাদকে সয়লাব। মাদক নিয়ন্ত্রণ করতে না পারলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। তাই তরুণ সমাজকে রক্ষায় মাদকমুক্ত কুমিল্লা গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে। কুমিল্লার উন্নয়ন ও সমৃদ্ধির প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ। উন্নয়নের স্বার্থে যেখানে প্রয়োজন, আমি একজন কর্মী হিসেবে সেখানে উপস্থিত হবো।
