জুমার নামাজের আগে রাখা টাকা আসরের পর গিয়ে পাওয়া গেল না। সিসিটিভি’র চোখে ধরা পড়লো চোর। পুলিশের তৎপরতায় গ্রেপ্তার হলো দু’জন, উদ্ধার হলো টাকার বড় অংশ। বাকিটা চলে গেছে অনলাইন জুয়া আর নেশার পেছনে। গত শুক্রবার চট্টগ্রামের সদরঘাট থানাধীন পোস্ট অফিস সংলগ্ন জামে মসজিদে এ ঘটনা ঘটে। মসজিদের ইমাম তামজিদ রহমান জানান, শুক্রবার জুমার নামাজের আগে মসজিদের অফিস কক্ষে ২ লাখ ২০ হাজার টাকা রাখেন তিনি। আসরের নামাজের পর অফিসে গিয়ে দেখেন টাকা যথাস্থানে নেই। এরপর সিসিটিভি ফুটেজ চেক করেন মসজিদ কর্তৃপক্ষ। ফুটেজে দেখা যায়, একজন অজ্ঞাতনামা ব্যক্তি টাকা নিয়ে চলে যাচ্ছেন।
পরে ইমাম রাত সাড়ে ৯টার দিকে সদরঘাট থানায় অভিযোগ দিলে এএসআই ইসমাইল ও মুশফিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামি আরিফকে শনাক্ত করেন। পরে হালিশহর থানাধীন ঈদগা বরফকল এলাকার সোনা শাহ মাজারের শফি সওদাগরের বাড়ি থেকে আরিফকে আটক করা হয়। এ সময় আরিফের কাছ থেকে ১ লাখ ২৬ হাজার ৫০ টাকা এবং অপর আসামি মো. সুমনের কাছ থেকে ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়।
মোট উদ্ধার ১ লাখ ৮৬ হাজার ৫০ টাকা। সদরঘাট থানার ওসি মোহাম্মদ শরীফ এসব তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফ পুলিশকে জানিয়েছেন, চুরি করা বাকি টাকা তিনি অনলাইন জুয়া ও নেশার কাজে খরচ করেছেন। ওসি মোহাম্মদ শরীফ বলেন, আল্লাহ্র ঘর, মানুষের আস্থার জায়গা। সেখান থেকে টাকা চুরির ঘটনায় স্থানীয় মুসল্লিদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
