পটুয়াখালী জেলায় গত ১লা জানুয়ারি থেকে ১৬ই জুন পর্যন্ত পাঁচ মাস ১৫ দিনে হামের উপসর্গ নিয়ে চিকিৎসার জন্য ভর্তি হয়েছিল দুই হাজার ৩৩১ জন। চিকিৎসা নিয়ে বাড়িতে গেছেন দুই হাজার ১৩৭ জন। এ সময়ে হামে মৃত্যু হয়েছে এক শিশুর। জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে। এ ছাড়া হাম উপসর্গে ভর্তিকৃত রোগীদের মধ্যে ১৪০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। পরীক্ষায় ৪৩ জনের হাম রোগী নিশ্চিত হয়েছে। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিশ্চিত হামে এক শিশুর মৃত্যু ঘটেছে বলে সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া জানিয়েছেন।
এ ছাড়া পটুয়াখালীতে হামের চিকিৎসার কোনো সমস্যা নেই বলেও জানান তিনি। বর্তমানে জেলার ১০২টি বেডে সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে ভর্তি আছে ১৯৪ জন। হাম উপসর্গে আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়ে ফিরে যাওয়ার মধ্যে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১ হাজার ৬৮৯ জন। বাউফল উপজেলা হাসপাতাল থেকে ৮০ জন, দশমিনা থেকে ৪০ জন, দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১৮ জন। এ ছাড়া মির্জাগঞ্জ থেকে ৭৮ জন এবং কলাপাড়ায় ১৬৭ জন ও গলাচিপায় ৬৫ জন। বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসারত আছেন ১৫৮ জন।
