ফেনীতে চিংড়ি যেন ক্রেতা ঠকানোর ফাঁদে পরিণত হয়েছে। মাছের ওজন বাড়াতে জেলি পুশ করে বিক্রির দায়ে এবার জেলা শহরের ‘বাংলাদেশ ফিশিং’ নামের মৎস্য আড়তকে ৪০ হাজার টাকা জরিমানা ও ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ করা হয়। ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তার নেতৃত্বে শনিবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, একশ্রেণির অসাধু ব্যবসায়ী ওজন বাড়াতে ও গ্রেড পরিবর্তন করে প্রতারণার উদ্দেশ্যে চিংড়িতে ক্ষতিকর জেলি পুশ করে আসছিল- এমন সংবাদের ভিত্তিতে পৌর মৎস্য আড়তে এই অভিযান চালানো হয়। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তারা উপস্থিত অন্যান্য আড়তদার এবং ক্রেতাদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য রাখেন। জেলি দিয়ে চিংড়ির অবৈধভাবে ওজন বৃদ্ধি ও ক্রেতা ঠকানোর বিভিন্ন নেতিবাচক দিক তুলে ধরে সবাইকে সতর্ক করেন।
