চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ‘দেশ ও মানুষের কল্যাণে কলম চলবে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পথচলা সাংবাদিকদের সংগঠন ফরিদগঞ্জ প্রেস ক্লাবের ২০২৬-২০২৮ সেশনের জন্য ২৭ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার সকালে প্রেস ক্লাব মিলনায়তনে বিদায়ী কমিটির সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করা হয়। বিদায়ী সভাপতি মামুনুর রশিদ পাঠান ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের নেতৃত্বে আয়োজিত সভায় নতুন নেতৃত্বকে শপথ বাক্য পাঠ করানো হয়।
নতুন কমিটিতে মানবজমিন প্রতিনিধি আবু হেনা মোস্তফা কামালকে সভাপতি, চ্যানেল ওয়ানের প্রতিনিধি জাহিদুল ইসলাম ভূঁইয়াকে সাধারণ সম্পাদক এবং আজকের পত্রিকার প্রতিনিধি গাজী মমিনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে। এর আগে শনিবার প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে ৩১ ভোট পেয়ে নির্বাচিত হন আবু হেনা মোস্তফা কামাল। সাধারণ সম্পাদক পদে জাহিদুল ইসলাম ভূঁইয়া ১৩ ভোট পেয়ে নির্বাচিত হন। কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে রয়েছেন জনকণ্ঠের প্রতিনিধি এম কে মানিক পাঠান, সহ-সভাপতি ইত্তেফাকের প্রতিনিধি মো. মহিউদ্দিন, নয়া দিগন্তের সাবেক প্রতিনিধি এসএম মিজানুর রহমান, তৃতীয় মাত্রার প্রতিনিধি মশিউর রহমান ও মাইটিভি’র প্রতিনিধি দেলোয়ার হোসেন বেলাল। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন চাঁদপুর দিগন্তের ইমাম হোসেন সৌরভ ও প্রতিদিনের কাগজের রুহুল আমিন খান স্বপন। অর্থসম্পাদক মানবকণ্ঠের আক্তার হোসাইন, দপ্তর সম্পাদক জাগরণী টেলিভিশনের মোশারফ হোসেন ফারুক, প্রচার সম্পাদক ডেসটিনি’র মেহেদী হাসান। এ ছাড়া, প্রকাশনা সম্পাদক রূপালী বাংলাদেশের আমান উল্যাহ খান ফারাবী, আইসিটি সম্পাদক মোহনা টেলিভিশনের ফাহাদ খান ও সাংস্কৃতিক সম্পাদক চাঁদপুর সময়ের জসিম উদ্দিন। কমিটির সদস্যরা হলেন- ইনকিলাবের মামুনুর রশিদ পাঠান, আমার দেশের নুরুন্নবী নোমান, যুগান্তরের প্রবীর চক্রবর্তী, সকালের সময়ের আবদুস ছোবহান লিটন, বাংলাদেশের খবরের নুরুল ইসলাম ফরহাদ, সংবাদ সারাবেলার নারায়ণ রবিদাস, ডেইলি অবজারভারের এসএম ইকবাল, বাংলাদেশ বেতারের বিল্লাল হোসেন সাগর, আমার সংবাদের শিমুল হাসান, দেশ টিভি’র শরীফ আহমেদ ও সময়ের আলোর আনিছুর রহমান সুজন।
