চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে ২০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টায় বিজিবি’র প্রতিহতে ব্যর্থ হয়ে অবশেষে ফেরত নিতে বাধ্য হয়েছে বিএসএফ। গত শুক্রবার রাতে ওই ২০ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি’র বাধার মুখে তারা সীমান্তের নোম্যান্সল্যান্ডে ভারতীয় অংশে অবস্থান করছিল। শনিবার সকালে দফায় দফায় পুশইনের চেষ্টা করলে ৫৯ বিজিবি’র সদস্যরা কঠোর অবস্থানে গেলে অবশেষে ওই ২০ জনকে ফেরত পাঠাতে সক্ষম হয় বিজিবি। তবে, পুশইন কেন্দ্র করে সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। বিজিবি ও স্থানীয়রা জানান, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ওই ২০ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ।
এদের মধ্যে ১১ জন নারী, ৪ জন শিশু ও ৫ জন পুরুষ রয়েছে। বিজিবি বিষয়টি টের পেয়ে তাদের বাংলাদেশে আসতে বাধা দেয়। বিজিবি’র বাধার মুখে তারা সীমান্তের নোম্যান্সল্যান্ডের ভারতীয় অংশে অবস্থান নিয়েছে। বিজিবি টহল দলের তৎপরতায় ২০ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে। বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ চৌকা বিওপি এলাকায় বিএসএফ কর্তৃক ২০ জনকে বাংলাদেশে পুশইনের প্রচেষ্টা চালানো হয়।
বিজিবি’র টহলদল এবং স্থানীয়দের বাঁধার মুখে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে উক্ত অনুপ্রবেশের প্রচেষ্টা সম্পূর্ণরূপে প্রতিহত করে। পরবর্তীতে উভয় দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এবং সিদ্ধান্ত অনুযায়ী ১৭৮/৩ এস পিলারের নিকটবর্তী সংলগ্ন সুখদেবপুর এলাকায় বিএসএফের মাধ্যমে ভারতের অভ্যন্তরে ফেরত নেয়ার মাধ্যমে অনুপ্রবেশ সম্পূর্ণরূপে প্রতিহত করা হয়েছে।
