তারাকান্দায় অপহরণের ৬ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

ফন্ট সাইজ:

ময়মনসিংহের তারাকান্দায় অপহরণের ৬ দিন পর এক স্কুলছাত্রী (১৪) কে উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার ভোর ৪টার দিকে উপজেলার বারইপাড়া এলাকা থেকে তারাকান্দা থানা পুলিশ গোপন সংবাদে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ই জুন সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে তারাকান্দা-ধোবাউড়া সড়ক থেকে ওই ছাত্রীকে জোরপূর্বক অটোরিকশায় তুলে নিয়ে যাওয়া হয়। অভিযোগে আরও জানা যায়, উপজেলার ঢাকুয়া ইউনিয়নের বারইপাড়া গ্রামের মনির হোসেন (১৯) দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। ঘটনার দিন অটোরিকশাযোগে তাকে অপহরণ করা হয়।

তারাকান্দা থানার এসআই সজীব কুমার দাস বলেন, অভিযোগ পাওয়ার পর থেকেই কিশোরীকে উদ্ধারে অভিযান অব্যাহত ছিল। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদে উপজেলার বারইপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে ভজন চন্দ্র সরকার বাদী হয়ে তারাকান্দা থানায় মামলা দায়ের করেছেন। তারাকান্দা থানার ওসি আব্দুর রাশিদ জানান, আসামি গ্রেপ্তারে পুলিশ তৎপরতা চালাচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন