ফেনীতে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ফেনী পৌর এলাকার রামপুর শাহীন একাডেমি স্কুল গেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলে- কুমিল্লা জেলার খোরশেদ আলম নয়ন (৩৫), নোয়াখালীর আনোয়ার হোসেন ভাসানী (৩৩), ফেনীর সোনাগাজী উপজেলার মো. রাসেল (৩০), কুমিল্লার আবদুল কাদের (২৪), দুলাল মিয়া (২৮), মো. আসিফ (২০) ও রাকিব হোসেন (২৫)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আমিনুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ডাকাত দলটি মহাসড়কের পাশে খালি জায়গায় জড়ো হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ৭ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি কিরিচ, ২টি ছোরা, ১টি রড ও ১টি বড় রেঞ্জ উদ্ধার করা হয়। ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
