নতুন বছরে নিজের প্রথম ম্যাচেই দ্যুতি ছড়ালেন লিওনেল মেসি। গোলের পাশাপাশি অ্যাসিস্টও করলেন আর্জেন্টাইন মহাতারকা। তবে প্রাক-মৌসুম ফ্রেন্ডলি ম্যাচে জয়ের মুখ দেখেনি ইন্টার মায়ামি। বার্সেলোনা এসসির মাঠে যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারের (এমএলএস) ক্লাবটির ড্র ২-২ গোলে। বার্সেলোনা ও মেসির নাম পাশাপাশি দেখলে ভক্তদের আবেগপ্রবণ হয়ে পড়ার কথা। তবে এই বার্সেলোনা সেই বার্সেলোনা নয়। এটি ইকুয়েডরের শতবর্ষী ও জনপ্রিয় একটি ক্লাব। তবে মেসির সাবেক ক্লাব বার্সেলোনার লোগোর সঙ্গেও অনেকটা মিল রয়েছে ইকুয়েডরিয়ান ক্লাবটির লোগোর। প্রাক মৌসুম দক্ষিণ আফ্রিকা আমেরিকা সফরে এটি ছিল মায়ামির দ্বিতীয় ম্যাচ। ৩১তম মিনিটে দারুণ এক গোলে নতুন বছরের খাতা খোলেন মেসি। মাঝমাঠে সতীর্থের পাস পেয়ে একাই ডি-বক্স পর্যন্ত দৌড়ে আসেন আর্জেন্টাইন অধিনায়ক। প্রতিপক্ষ একজনকে কাটিয়ে বক্সের ভেতর ঢুকে আরও দুজনকে বোকা বানিয়ে জাল খুঁজে নেন তিনি। দশ মিনিটের মাথায় সমতায় ফেরে বার্সেলোনা। তবে বিরতির আগেই এগিয়ে যেতে ফের ভূমিকা রাখেন ৩৮ বছর বয়সী মেসি। প্রথমার্ধের যোগ করা তৃতীয় মিনিটে ডান প্রান্ত থেকে মায়ামি অধিনায়কের দারুণ এক ক্রস ধরে বক্সের ভেতর ঢুকে লক্ষ্যভেদ করেন হার্মান বোর্তেরোমে। ফেব্রুয়ারির প্রথম দিনই মেক্সিকান ক্লাব মন্তেরেই থেকে মায়ামিতে উড়ে আসেন মেসির এ স্বদেশি ফরোয়ার্ড।
৬০তম মিনিটে মেসির বদলি হিসেবে মাঠে আসেন লুইস সুয়ারেজ। শেষ দিকের গোলে ড্র নিশ্চিত করে বার্সেলোনা। প্রাক মৌসুম ফ্রেন্ডলির তৃতীয় ও শেষ ম্যাচটি আগামী শুক্রবার খেলবে মায়ামি। এরপর ২১শে ফেব্রুয়ারি থেকে শুরু হবে মেসিদের এমএলএস শিরোপা ধরে রাখার মিশন।
গোল ও অ্যাসিস্টে বছর শুরু মেসির
স্পোর্টস ডেস্ক
৯ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
