উত্তাল সাগরে মাছের আকাল খালি হাতে ফিরছেন জেলেরা

ফন্ট সাইজ:

১১ই জুন ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর সমুদ্রে গিয়ে আশানুরূপ মাছের দেখা পায়নি জেলেরা। এরইমধ্যে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। তাই প্রবল ঢেউয়ের তাণ্ডবে টিকতে না পেরে পটুয়াখালীর মহিপুর ও আলীপুরের খাপড়াভাঙ্গা নদীতে আশ্রয় নিয়েছে হাজারো মাছ ধরার ট্রলার।
শুক্রবার সকাল থেকে অনেকটা মাছশূন্য হাতে এ নদীতে ভিড়তে শুরু করে একের পর এক ট্রলার। দীর্ঘ অবরোধের পরও সমুদ্রে মাছের আকাল থাকায় নতুন করে ধারদেনায় জর্জরিত হয়ে পড়ছেন জেলেরা। নিষেধাজ্ঞাকালীন সময়ে সমুদ্রে অসাধু জেলেদের মাছ শিকার এবং ট্রলিং ট্রলারের অবাধ বিচরণের কারণে জেলেরা কাঙ্ক্ষিত মাছ পাচ্ছে না বলে দাবি তাদের। তাই তারা ক্ষোভ প্রকাশের পাশাপাশি ট্রলিং ট্রলার বন্ধ এবং সাগরে মাছের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

জেলে আফজাল বলেন, দীর্ঘদিন নিষেধাজ্ঞার পর বুকভরা আশা নিয়ে সাগরে গেছি, আবহাওয়া খারাপ থাকায় আবার খালি হাতে ফিরে আসতে হয়েছে। তার মধ্যে সাগরের বিষফোঁড়া ট্রলিং ফিশিং ট্রলার। এগুলো বন্ধ করা না হলে আমরা না খেয়ে মরবো।
মহিপুর আল্লাহ্‌র দান মৎস্য আড়ৎ মালিক মো. লুনা আকন বলেন, জেলেরা লাখ লাখ টাকার বাজার করে সাগরে যায় মাছের আশায় কিন্তু সাগরে মাছ পড়ে না। তার মধ্যে আবার আবহাওয়া খারাপ। সবাই খালি হাতে কিনারে ফিরছে। সকল মাছ ধরার ট্রলার মিপুর-আলীপুর পোতাশ্রয় আশ্রয় নিয়েছে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সাগরে মাছ আছে, তবে আবহাওয়া খারাপ থাকায় কেউ সাগরে থাকতে পারছে না। সাগরে ট্রলিং ট্রলার সহ অবৈধ মাছ ধরার ট্রলারের ব্যাপারে আমাদের অভিযান অব্যাহত আছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন