হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের পৌর শহরে সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার বেহাল অবস্থায় সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় বিভিন্ন এলাকা। ফলে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে প্রধান সড়ক, বাজার ও ওয়ার্ডের অলিগলি। তাই ভোগান্তির শিকার পথচারী, বাজার ব্যবসায়ী ও স্থানীয়রা। বর্ষাকাল এলেই এ দুর্ভোগ আরও বেড়ে যায়। অভিযোগ রয়েছে, পৌর কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে এ বিষয়ে কোনো উদ্যোগ নিচ্ছে না। জানা যায়, গত জুন-জুলাই থেকে প্রায় প্রতিদিনই বৃষ্টি হওয়ায় পৌর শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। শায়েস্তাগঞ্জ শহরের বিভিন্ন বাজার ও গ্রাম ঘুরে দেখা যায়, বৃষ্টি হলেই বিভিন্ন ওয়ার্ডের অলিগলি, সড়ক ও ড্রেনে পানি থৈ থৈ করছে।
কোথাও কোথাও হাঁটুসমান পানি জমে থাকে। ড্রেনেজ ব্যবস্থা কার্যকর না থাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে অটোরিকশা, সিএনজি, ব্যাটারিচালিত ইজিবাইক মোটরসাইকেলসহ পথচারীরা বিপাকে পড়ছেন। ড্রেনের নোংরা পানির দুর্গন্ধে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হওয়া, যার ফলে রাস্তা বা এলাকায় পানি জমে থাকা; যা প্রায়শই অপরিকল্পিত উন্নয়ন, ময়লা-আবর্জনা জমে ড্রেন ভরাট হয়ে যাওয়া, অবৈধ দখল এবং বৃষ্টি বা জোয়ারের অতিরিক্ত পানির চাপ সামলাতে ড্রেনের ধারণক্ষমতার অভাবের কারণে ঘটে। ফলে জনদুর্ভোগ বাড়ে এবং জলাবদ্ধতা তৈরি হয়; যা নিরসনে নিয়মিত ড্রেন পরিষ্কার, অবৈধ দখল উচ্ছেদ এবং উন্নত ড্রেনেজ ব্যবস্থার প্রয়োজন।
এ অবস্থায় এলাকাবাসীর দাবি- জনস্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ড্রেন পরিষ্কার, মেরামত ও স্থায়ী সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
