টাঙ্গাইলের মধুপুরে ছাগল তুলতে পরিত্যক্ত টয়লেটের কূপে নেমে বাবা-ছেলেসহ চার জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলিকিরজলই এলাকায় এ ঘটনা ঘটে।
মধুপুর থানার ওসি একেএম ফজলুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃতরা হলেন—জলই গ্রামের বাবুল হাদিমা (৩৫), তার ছেলে নেইমার ম্রং (১২), একই এলাকার গ্যাব্রিয়েল নকরেক (৪৫) এবং প্রতিবেশী রতন নকরেক (২৫)।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিত্যক্ত ওই কূপে একটি ছাগলের বাচ্চা পড়ে যায়। সেটি উদ্ধার করতে প্রথমে কূপে নামে নেইমার। সে দীর্ঘক্ষণ উঠে না আসায় বাবা বাবুল হাদিমা কূপে নামেন। পরবর্তীতে তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে পর্যায়ক্রমে এলাকার জামাতা গ্যাব্রিয়েল এবং প্রতিবেশী রতনও কূপে নামেন। চারজনের কেউই ফিরে না আসায় ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা। পরে কূপ থেকে চারজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
