ফক্সবোরোর ফক্সহিল স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই হওয়া এক ভুলের চরম মাশুল দিলো স্কটল্যান্ড। নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটিশদের ১-০ গোলে হারিয়ে নকআউট পর্বের টিকিট প্রায় নিশ্চিত করে ফেলেছে মরক্কো। ম্যাচের মাত্র ৭১ সেকেন্ডে আসরের দ্রুততম গোলটি করে ‘অ্যাটলাস লায়নদের’ জয় উপহার দেন ইসমায়েল সাইবারি।
খেলার বয়স যখন মাত্র ১ মিনিট ১১ সেকেন্ড। তখনই স্কটিশ রক্ষণভাগের অসতর্কতার সুযোগ নেন মরক্কোর রিয়াল মাদ্রিদ তারকা ব্রাহিম দিয়াজ। তার বাড়ানো থ্রু পাস থেকে স্কটিশ ডিফেন্ডার গ্র্যান্ট হ্যানলিকে পরাস্ত করে বক্সে ঢুকে যান সাইবারি। এক কোণাকুণি জোরালো শটে বল জালে জড়ান পিএসভি আইন্দহোভেনের স্ট্রাইকার সাইবারি।
প্রথমার্ধে ৫৯ শতাংশ বল দখলে রাখা মরক্কো ব্যবধান আরও বাড়াতে পারত। তবে ১৮তম মিনিটে আশরাফ হাকিমির নিশ্চিত গোল পা দিয়ে ঠেকিয়ে দেন স্কটিশ গোলকিপার অ্যাঙ্গাস গান। বিরতির ঠিক আগে এবং দ্বিতীয়ার্ধের ৫১তম মিনিটে সাইবারির আরও একটি শট পোস্টে লেগে ফিরে এলে ব্যবধান বাড়েনি।
দ্বিতীয়ার্ধে অবশ্য আক্রমণের ধার বাড়ায় স্কটল্যান্ড। চোট পেয়ে টায়ার্নি মাঠ ছাড়ার পর বেন গ্যানন-ডোক ও লিন্ডন ডাইকস মাঠে নামলে মরক্কোর ডিফেন্স কিছুটা চাপে পড়ে। ম্যাচের ৮২তম মিনিটে ডি-বক্সে স্কট ম্যাকটমিনে ফাউলের শিকার হলে পেনাল্টির জোরালো আবেদন জানায় স্কটল্যান্ড। রেফারি সাড়া না দিলে ভিএআর চেক করা হয়। তবে পেনাল্টিবঞ্চিত হয় স্কটিশরা। ম্যাচের শেষ দিকে ম্যাকটমিনের কিছু আক্রমণ মরক্কোর গোলকিপার ইয়াসিন বুনু দারুণ দক্ষতায় রুখে দেন।
এই হারের পর স্কটল্যান্ডের বিশ্বকাপ ভাগ্য এখন ঝুলে রইলো মায়ামিতে ব্রাজিলের বিপক্ষে তাদের শেষ ম্যাচের ওপর।

MD Khan
১৭ ঘন্টা আগেমরক্কো বিশ্বকাপ জয় করবে। এই কামনা করি। এই আশা করি।
ফি আমানিল্লাহ।