খুব কাছে গিয়েও শেষটা রাঙাতে পারলো না বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে শেষ বলে হলো ফলাফল। ১৯৬ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে টাইগাররা থামলো ১৮৯ রানে। চট্টগ্রামে অজিদের জয় ৭ রানে। তাতে তিন ম্যাচ সিরিজে হার নিশ্চিত হলো বাংলাদেশের। সীমিত সংস্করণের ম্যাচে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচে সবচেয়ে বেশি রান (৩৮৫) হলো এ ম্যাচেই।
প্রথম ১০ ওভারে ১০৩ রান করা বাংলাদেশ পরের ১০ ওভারে ৯৪ রানের সমীকরণ মিলাতে পারেনি। প্রথমে ঝড়ো শুরু এনে দেন তানজিদ হাসান (১৫ বলে ৩০) ও সাইফ হাসান (৩৩ বলে ৪২)। তিনে নামা সৌম্য সরকারের ব্যাট থেকে আসে ৯ বলে ১৫ রান। পারভেজ হোসেন ইমনের অবদান ২২ বলে ৩৬ রানের। এরপর দলের হাল ধরেন ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয়। তিনিও রান তুলতে থাকেন দ্রুতই।
তবে আবদুল গাফফার সাকলাইন (১১ বলে ১৩*) বেশ কিছু বল খরচ করে ফেলেন। শেষ তিন বলে জয়ের সমীকরণ দাঁড়ায় ১৮ রানের। প্রথম বলে ছক্কা হাঁকালেও, পরের বলে পারেননি হৃদয়। উইকেটের পেছন দিয়ে সেটি হয় চার। পরের বলে ছক্কায় আশায় বাউন্ডারিতে তালুবন্দি হন তিনি।
এর আগে অস্ট্রেলিয়ার হয়ে একাই রান তোলেন ম্যাট রেনশ। ৫২ বলে ৮৯ রান তুলে অপরাজিত থাকেন তিনি। ২৬ বলে ৪৫ রানের ক্যামিও খেলেন টিম ডেভিড। বাংলাদেশের হয়ে জোড়া উইকেট নেন নাসুম আহমেদ। ]
হোয়াইটওয়াশ ঠেকানোর লক্ষ্যে আগামী ২১শে জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে নামবে বাংলাদেশ।
