মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। কয়েক দিন আগে কক্সবাজারের মেরিন ড্রাইভে বাইক চালানোর সময় এ দুর্ঘটনা ঘটে। তবে বড় ধরনের কোনো আঘাত পাননি বলে জানিয়েছেন জোভান।
সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে দুর্ঘটনার অভিজ্ঞতা ভাগাভাগি করার পাশাপাশি সবাইকে নিরাপদে যানবাহন চালানোর আহ্বান জানিয়েছেন জোভান। অভিনেতা লিখেন, কিছুদিন আগে কক্সবাজারের মেরিন ড্রাইভে বাইক অ্যাক্সিডেন্ট করি। আল্লাহর অশেষ রহমতে বড় কোনো ক্ষতি হয়নি। কিন্তু ঘটনাটি আমাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে। রাস্তায় আমরা অনেক সময় ভাবি, আরেকটু স্পিডে গেলে কী হবে? বা আমি তো ভালোই চালাই।’ কিন্তু দুর্ঘটনা কখন, কীভাবে, কার সঙ্গে ঘটবে তা কেউ জানে না। কয়েক সেকেন্ডের অসাবধানতা জীবন বদলে দিতে পারে। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে জোভান বলেন, বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট ব্যবহার করুন এবং ট্রাফিক আইন মেনে চলুন। কারণ আপনার জন্য অপেক্ষা করে আছে আপনার পরিবার, আপনার প্রিয় মানুষগুলো। গন্তব্যে একটু দেরিতে পৌঁছানো ভালো, কিন্তু নিরাপদে পৌঁছানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। জোভানের পোস্টটি প্রকাশের পর ভক্ত-অনুরাগীদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। পাশাপাশি সড়ক নিরাপত্তা নিয়ে তার সচেতনতামূলক বার্তারও প্রশংসা করেছেন।
