যে কারণে বিশ্বকাপ খেলার অনুমোদন পাননি আইভরি কোস্টের ফরোয়ার্ড

যে কারণে বিশ্বকাপ খেলার অনুমোদন পাননি আইভরি কোস্টের ফরোয়ার্ড

ফন্ট সাইজ:

ম্যাচ পাতানোর অভিযোগে তদন্তের মুখে থাকা আইভরি কোস্টের স্ট্রাইকার এলিয়ে ওয়াহি পরের ম্যাচ খেলতে কানাডায় যেতে পারছেন না। প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন না পাওয়ায় তাকে ভ্রমণের অনুমতি দেয়া হয়নি বলে জানিয়েছে আইভরি কোস্ট ফুটবল ফেডারেশন (এফআইএফ)। বিশ্বকাপে ‘ই’ গ্রুপের ম্যাচে শনিবার টরন্টোয় জার্মানির মুখোমুখি হবে আইভরি কোস্ট। তবে দলের সঙ্গে কানাডায় যেতে না পারায় ওয়াহিকে আপাতত যুক্তরাষ্ট্রেই থাকতে হবে। দল দেশে ফেরার আগ পর্যন্ত তিনি সেখানেই থাকবেন বলে জানিয়েছে ফেডারেশন। ফিলাডেলফিয়ায় গত সোমবার ইকুয়েডরের বিপক্ষে ১-০ গোলের জয়ে শুরুর একাদশে ছিলেন ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।

ফরাসি ফুটবল লীগ বুধবার জানিয়েছে, মে মাসে নিসের হয়ে একটি লীগ ওয়ান ম্যাচে ওয়াহি হলুদ কার্ড দেখবেন- এমন বাজিতে আন্তর্জাতিক পর্যায়ে অস্বাভাবিক পরিমাণ অর্থ বিনিয়োগের তথ্য পাওয়া গেছে। ১৭ই মে মেতজের বিপক্ষে নিসের গোলশূন্য ড্র হওয়া ম্যাচকে ঘিরে এই সন্দেহজনক বেটিং কার্যক্রমের তথ্য পায় বেটিং বাজার পর্যবেক্ষণকারী সংস্থাগুলো। ওই ম্যাচে হলুদ কার্ড দেখেন ওয়াহি। পরে বিষয়টি পুলিশ, জুয়া নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ও ফরাসি ফুটবল ফেডারেশনের কাছে পাঠানো হয়। ওয়াহিকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে কি না- এমন প্রশ্নে মার্সেই প্রসিকিউটর দপ্তর বার্তা সংস্থা এপিকে জানিয়েছে, ‘ফ্রান্সের লিগ ওয়ানে খেলা ২৩ বছর বয়সী এক পেশাদার ফুটবলারকে ২৯ মে ২০২৬ তদন্তের অংশ হিসেবে আটক করা হয়েছিল।’ প্রসিকিউটর দপ্তরের ভাষ্য, তদন্তে সংগঠিত প্রতারণা, খেলাধুলায় দুর্নীতি, চোরাই সম্পদ গ্রহণ এবং অর্থ পাচারের মতো অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে তাকে মুক্তি দেওয়া হয়েছে, তবে তদন্ত এখনও চলছে। এদিকে ওয়াহির প্রতিনিধিরা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। আইভরি কোস্ট ফুটবল ফেডারেশন জানিয়েছে, ওয়াহির বিরুদ্ধে কোনো বিচারিক বা প্রশাসনিক প্রক্রিয়া শুরু হওয়ার বিষয়ে তারা আনুষ্ঠানিকভাবে কিছু জানে না। এক বিবৃতিতে ফেডারেশন বলেছে, ‘এই সংবেদনশীল সময়ে আমরা খেলোয়াড়টির পাশে আছি এবং তার প্রতি আমাদের আস্থা পুনর্ব্যক্ত করছি। এলিয়ে ওয়াহি এখনো আইভরি কোস্ট জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন