সামাজিক মাধ্যমে সুমধুর কণ্ঠে লোকগান গেয়ে দেশব্যাপী পরিচিতি পাওয়া ‘লাইলী বাউল’র শিল্পসাধনার স্বীকৃতি ও তার কল্যাণে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বুধবার সংস্কৃতিমন্ত্রী তার অফিস কক্ষে এক অনুষ্ঠানে তিনি নিজ হাতে লাইলী বাউলের হাতে তিন লাখ টাকার একটি আর্থিক সহায়তার চেক তুলে দেন। চেক বিতরণ শেষে মন্ত্রী তার নিজ দপ্তরে লাইলী বাউলের কণ্ঠে সরাসরি লোকগান ও বাউল গান উপভোগ করেন।
মাটির সুর ও চমৎকার গায়কীতে মুখরিত হয়ে ওঠে অফিস কক্ষ। অনুষ্ঠানে লাইলী বাউলের প্রতিভার প্রশংসা করে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, প্রতিভাগুলো এমনই হয়; শত বাধা উপেক্ষা করেও তারা প্রকাশিত হয়, যেমন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তিনি আরও বলেন, আমাদের লোকজ সংস্কৃতি ও বাউল গান এদেশের প্রাণ। প্রান্তিক পর্যায়ের এমন সুপ্ত প্রতিভার মূল্যায়ন ও তাদের পাশে দাঁড়ানো- আমাদের অন্যতম দায়িত্ব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
