লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের ৭২ ঘণ্টা পর বাথরুমের সেপটিক ট্যাংক থেকে দেড় বছরের শিশু কানিজ ফাতেমার লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার রাত ৯টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। শিশুটি উপজেলার চরমোহনা ইউনিয়নের পশ্চিম চরমোহনা গ্রামের রাঢ়ি বাড়ির প্রবাসী কাঞ্চন হোসেন ও জান্নাতুল ফেরদৌস মেরীনের কন্যা। এর আগে গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাড়িতে খেলাধুলা করতে গিয়ে নিখোঁজ হয় ফাতেমা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই বাড়ির তোফায়েল আহাম্মদ (৬০), ফিরোজা বেগম (৫০) ও নিশু আক্তারকে (২৫) আটক করে পুলিশ। নিহত শিশুর মা জান্নাতুল ফেরদৌস মেরীন জানান, ঘটনার দিন সকালে প্রতিবেশী তোফায়েল আহাম্মদের ঘরের ভেতরে যায়। এরপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি। তাদের সঙ্গে তোফায়েলদের জমি নিয়ে বিরোধ রয়েছে। এ কারণে তারাই হত্যা করে মেয়ের লাশ গুম করে বলে শিশুর পরিবারের অভিযোগ। এ বিষয়ে রায়পুর থানার ওসি শাহিন মিয়া বলেন, এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে পূর্বেই তিনজনকে আটক করা হয়েছে।
রায়পুরে সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, আটক ৩
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
৯ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
