সাত বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েও ভর্তি অনিশ্চিত রিমনের

ফন্ট সাইজ:

দেশের স্বনামধন্য সাতটি বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় সুযোগ পেয়েও আর্থিক সংকটে নাটোরের লালপুর উপজেলার মেধাবী শিক্ষার্থী মো. রিমন আলীর ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে। রিমন উপজেলার দক্ষিণ লালপুর গ্রামের ভূমিহীন কৃষক মো. মাসুদ রানা ও মোসা. রিমা বেগমের ছেলে। রোববার সকালে রিমন ও তার পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, রিমন ২০২৫-২৬ শিক্ষাবর্ষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সাস্ট), ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় ভর্তির সুযোগ পেয়েছেন। এ বিষয়ে রিমন মানবজমিনকে জানান, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সাতটি বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ হয়েছেন। ১৭ই ফেব্রুয়ারি থেকে রুয়েট, ২৫শে ফেব্রুয়ারি থেকে চুয়েট এবং ৮ই মার্চ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু হবে। ৮ই ফেব্রুয়ারি থেকে কুয়েট ও ৩রা ফেব্রুয়ারি থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। তবে আর্থিক সংকটে এখনো কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারিনি। এ বিষয়ে রিমনের বাবা বলেন- আমি দিনমজুর কৃষক। দিনরাত পরিশ্রম করে ছেলেকে এ পর্যন্ত এনেছি। জমানো যা কিছু ছিল, সব শেষ হয়ে গেছে। রিমনের মা জানান- ছেলে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ায় খুব খুশি হয়েছি। কিন্তু তার খরচ কীভাবে চালাবো এই চিন্তায় ঘুম আসে না। এতদিন অসুস্থ শরীর নিয়ে সেলাই মেশিন চালিয়ে, কখনো কখনো না খেয়ে টাকা জমিয়ে খরচ মেটানোর চেষ্টা করেছি। এখন আর সেটা সম্ভব হচ্ছে না। ভবিষ্যতে বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্নের কথা জানিয়ে রিমন বলেন, তিনি রুয়েটে ভর্তির ইচ্ছা পোষণ করছেন। তবে তার এই স্বপ্ন বাস্তবায়নের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আর্থিক অসচ্ছলতা। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ রিমনের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, ২০২৩ সালে লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০২৫ সালে রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন। উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগে গোল্ডেন এ প্লাস অর্জন করেন।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন