বিশ্বকাপে প্রথম ম্যাচে বাজেভাবে দল হারার খেসারত দিতে হলো তিউনিসিয়ার কোচ সাব্রিলামুশিকে। মেক্সিকোর মনটেরিকে সুইডেনের কাছে ৫-১ গোলের লজ্জাজনক হারের পরদিনই কোচকে বরখাস্ত করেছে তিউনিসিয়া ফুটবল অ্যাসোসিয়েশন। চলমান বিশ্বকাপে কোনো দল থেকে কোচ বরখাস্ত হওয়ার প্রথম ঘটনা এটি।
সুইডেনের কাছে বড় ব্যবধানে বিধ্বস্ত হওয়ার পরপরই আজ জরুরি বৈঠকে বসে তিউনিসিয়ান ফুটবল ফেডারেশন। বিশ্বকাপে নামার ঠিক আগের প্রীতি ম্যাচে বেলজিয়ামের কাছে ৫-০ গোলে উড়ে যাওয়ার পর এবার বিশ্বমঞ্চের প্রথম ম্যাচেই ৫ গোল। সব মিলিয়ে লামুশির ওপর থেকে সম্পূর্ণ আস্থা হারিয়েছে দেশটির বোর্ড।
আফ্রিকা কাপ অব নেশনসের শেষ ১৬ থেকে বিদায় নেওয়ার পর সামি ট্রাবেলসিকে সরিয়ে লামুশিকে দায়িত্ব দিয়েছিল তিউনিসিয়া। কিন্তু তার অধীনে মাত্র ৫টি ম্যাচ খেলার সুযোগ পায় দল। হাইতির বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে যাত্রা শুরু করলেও এই দলটির গ্রাফ কেবলই নিচে নেমেছে। কানাডার সাথে গোলশূন্য ড্রয়ের পর অস্ট্রিয়া, বেলজিয়াম এবং সবশেষ সুইডেনের কাছে হেরে বিদায়ঘণ্টা বাজল এই কোচের। অথচ এই তিউনিসিয়াই কোনো গোল হজম না করে বিশ্বকাপের টিকিট কেটে রেকর্ড গড়েছিল!
আগামী শনিবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে জাপানের মুখোমুখি হবে তিউনিসিয়া। তার আগেই নতুন কোচের নাম ঘোষণা করতে চায় তারা। নতুন কোচ হিসেবে সবচেয়ে বেশি আলোচনা চলছে তিউনিসিয়ার সাবেক তারকা উইঙ্গার ওয়াহবি খাজরিকে নিয়ে। এছাড়া ২০২২ বিশ্বকাপে তিউনিসিয়ার কোচের দায়িত্বে থাকা মোনধের কেবাইয়েরের নামও শোনা যাচ্ছে।
প্রথম ম্যাচেই ৫ গোল হজম, চাকরি হারালেন তিউনিসিয়ার কোচ
স্পোর্টস ডেস্ক
অনলাইন
৩ ঘন্টা আগে
১৫ জুন (সোমবার), ২০২৬, ১১ঃ১৫ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
