নির্মাণ শেষ না হতেই...

ফন্ট সাইজ:

লক্ষ্মীপুরের রামগঞ্জে নির্মাণকাজ শেষ না হতেই ফেটে গেছে ১ কোটি ১৩ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন ব্রিজ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের তদারকির অবহেলার ফলেই এমন ঘটনার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ জনসাধারণের। এ নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তর সূত্রে জানা যায়, গত ২০২৫-২৬ অর্থবছরে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে এম এস এ এইচ ট্রেডার্স রামগঞ্জের কাওয়ালীডাঙ্গা নামক স্থানে ওয়াপদা খালের উপর গত ২০২৫ সালের ১৯শে ডিসেম্বর গার্ডার ব্রিজটির কাজ শুরু করে। ওয়ার্ক অর্ডার মোতাবেক চলতি বছরের ১০ই মে ব্রিজটির কাজ শেষ হওয়ার কথা ছিল।

১৫ই জুন সরজমিন পরিদর্শনে দেখা যায় ব্রিজটির নির্মাণকাজ এখনো চলমান রয়েছে। এমন অবস্থায় ব্রিজের পশ্চিম পাশের উত্তর এবং দক্ষিণ অংশের নিচে মূল পিলারে ফাটল দেখা দিয়েছে। আর ওই ঠিকাদারের কর্মচারীগণ সিমেন্টের আস্তর দিয়ে ফাটল ঢেকে দেয়ার কাজে ব্যস্ত সময় পার করছে। এ সময় স্থানীয়রা অভিযোগ করে জানান, নির্মাণকাজ শেষ হলে ব্রিজটি দিয়ে প্রতিদিন লক্ষাধিক মানুষজন ও ভারী যানবাহন যাতায়াত করবে। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণকাজ সঠিকভাবে করেনি।

সংশিষ্ট দপ্তরের কোনো কর্মকর্তাকে তদারকি করতেও দেখা যায়নি বলে জানান তারা। এ ব্যাপারে রামগঞ্জের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মাহাবুবুর রহমান তালুকদার, কার্য-সহকারী মো. সজীবের সঙ্গে মুঠোফোনে কথা হলে তারা উভয়ে ব্রিজটি সম্পর্কে কিছুই জানেন না বলে জানান। অপরদিকে মন্তব্য নেয়ার জন্য বারবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ কুমার বিশ্বাসের মেবাইলে ফোন করলেও তিনি রিসিভ না করায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন