গফরগাঁওয়ে ব্যাংক কর্মচারীর মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

ময়মনসিংহের গফরগাঁওয়ে একটি ভাড়া বাসা থেকে ন্যাশনাল ব্যাংক উপ-শাখার এক কর্মচারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে গফরগাঁও পশু হাসপাতাল রোড এলাকার একটি ভবন থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তির নাম মো. শরিফুল ইসলাম। বয়স আনুমানিক ২১ বছর। তিনি ন্যাশনাল ব্যাংক গফরগাঁও উপ-শাখায় অফিস-সহায়ক পদে কর্মরত ছিলেন। তার বাবা মো. রায়হান ও মা শরীফা খাতুন। গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শরিফুল ইসলাম গফরগাঁও পশু হাসপাতাল রোডের মাজারবাড়ী এলাকায় মক্কা ভিলার বিপরীত পাশে অবস্থিত একটি পাঁচতলা ভবনের সিঁড়িঘরের পাশে ছোট একটি কক্ষে ব্যাচেলর হিসেবে ভাড়া থাকতেন। সোমবার সকালে নির্ধারিত সময়ে তিনি কর্মস্থলে উপস্থিত না হওয়ায় ব্যাংক কর্তৃপক্ষ তার খোঁজ নিতে শুরু করে। ব্যাংকের পক্ষ থেকে পরে বাসার মালিকের সঙ্গে যোগাযোগ করা হলে তার মৃত্যুর বিষয়টি জানা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। গফরগাঁও ন্যাশনাল ব্যাংক উপ-শাখার ম্যানেজার অনুপ কুমার বকশী জানান, সকাল ১০টার দিকে শরিফুল ইসলাম অফিসে না আসায় তার অবস্থান জানার চেষ্টা করা হয়। পরে বাসার মালিকের মাধ্যমে তার মৃত্যুর খবর পাওয়া যায়।

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় গফরগাঁও থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন