নিখোঁজ অটোরিকশাচালকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

বরিশালে ২ দিন ধরে নিখোঁজ থাকা নাজমুল হোসেন (২৫) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে নগরীর কালিজিরা নদীর পূর্ব পাড় থেকে বস্তায় ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার অলোক কান্তি শর্মা।

নিহত নাজমুল বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের মাকরকাঠি এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে কালিজিরা নদীর পূর্ব পাড়ে একটি বস্তায় অর্ধেক বন্দি অবস্থায় মরদেহটিকে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার সকালে প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন নাজমুল। দুপুর থেকে নাজমুলের ফোনে একাধিকবার ফোন দেয়া হলে তিনি রিসিভ করেননি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

পরবর্তীতে রোববার নিহতের পিতা আব্দুল রশিদ মোল্লা বরিশাল এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সহকারী কমিশনার অলোক কান্তি শর্মা জানান, ‘সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরও জানান, ‘পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন