শিবগঞ্জে গৃহপরিচারিকা ধর্ষণ ও হত্যা মামলার বিচার দাবিতে প্রতিবাদ সমাবেশ

ফন্ট সাইজ:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোহনবাগ এলাকায় ১৫ বছর বয়সী গৃহপরিচারিকা নয়নী ধর্ষণ ও হত্যা মামলার দ্রুত বিচার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে র‌্যালি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিবগঞ্জ সচেতন শিক্ষার্থী সমাজের আয়োজনে সোমবার সকাল ১০টায় শিবগঞ্জ মহিলা কলেজের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিতে সাধারণ শিক্ষার্থী, নয়নীর স্বজন ও বিভিন্ন পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিবগঞ্জ সরকারি মডেল হাইস্কুলের সামনে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন শিক্ষার্থী মো. সাইমুম সাদাব, লিমন মোস্তাকিন, সানজিদ, মিরাজ ও কাউসার। এ ছাড়া নিহত নয়নীর আত্মীয় ও মামলার বাদী আকলিমা বেগম, বেদানা বেগম, রুবী, সোহবুল হক এবং মোস্তাক বক্তব্য রাখেন। বক্তারা বলেন, অসহায় নয়নীর ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় নানা ধরনের নাটকীয়তা চলছে। প্রভাবশালী ও ক্ষমতাবান মহলের তদবিরের কারণে পুলিশ মামলার তদন্ত এবং বাকি আসামিদের গ্রেপ্তারে গড়িমসি করছে বলে তারা অভিযোগ করেন। এমনকি মামলা গ্রহণের ক্ষেত্রেও বাদী পক্ষকে হয়রানির শিকার হতে হয়েছে বলেও দাবি করেন তারা। এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিউর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, পুলিশ কারও প্রভাবে নয়, সর্বদা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন