চট্টগ্রামের সীতাকুণ্ডে এক শিপ রিসাইক্লিং ইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) গাড়ি থামিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে। চাঁদা না পেয়ে ইয়ার্ডের কর্মকর্তাদের ওপর হামলা ও মারধরের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যায় সোনাইছড়ি সাগরপাড় এলাকায় অবস্থিত বিওবি রিসাইক্লার্স শিপইয়ার্ড থেকে বের হওয়ার সময় এমডি এসএম নুরুন নবীর গাড়ির গতিরোধ করে ৭-৮ জনের একটি দল। তারা তাকে গাড়ি থেকে নামিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় প্রতিষ্ঠানের কয়েকজন কর্মকর্তা এগিয়ে এলে তাদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালানো হয়। হামলায় প্রতিষ্ঠানের পিআরও আলমগীর হোসেন আহত হন। হামলাকারীরা তার কাছ থেকে নগদ অর্থ ছিনিয়ে নেয় বলেও মামলায় অভিযোগ করা হয়েছে।
পরে আলমগীর হোসেন বাদী হয়ে চাঁদাবাজি, হত্যাচেষ্টা ও মারধরের অভিযোগে জাহাঙ্গীরসহ ৬-৭ জনের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেন। সীতাকুণ্ড থানার ওসি মো. মহিনুল ইসলাম জানান, ঘটনার পর অভিযান চালিয়ে প্রধান আসামি জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
