মো. সাইফুল ইসলাম। বিএনপি’র রংপুর জেলা আহ্বায়ক। সম্প্রতি দায়িত্ব পেয়েছেন জেলা পরিষদের। দায়িত্ব নিয়েই চ্যালেঞ্জের মুখে পড়েন জেলা পরিষদের নবনিযুক্ত এ প্রশাসক। দীর্ঘদিনের থমকে থাকা নির্মাণাধীন বহুতল ভবন জেলা পরিষদ সিটি সেন্টার শপিং কমপ্লেক্সের জটিলতার অবসান ঘটিয়ে পুনরায় কাজ শুরু করে চমক সৃষ্টি করেছেন। স্বপ্ন দেখছেন ১৮ তলা এ ভবন সম্পন্ন করে প্রধানমন্ত্রী তারেক রহমানের মাধ্যমে উদ্বোধন করবেন। বিএনপি নেতা সাইফুল ইসলাম খেটে খাওয়া মানুষের অধিকার আন্দোলনের রাজনীতি করতে গিয়ে অনেক সংগ্রাম করেছেন। তোপের মুখে পড়েছেন তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের।
হত্যা, নাশকতা, দেশদ্রোহীসহ প্রায় ২৩টি মামলার আসামি হয়ে পুলিশ হয়রানির মুখে পড়ে পালিয়ে আত্মগোপনে ছিলেন দীর্ঘদিন। অনুসন্ধানে জানা যায়, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধাবোধ থেকেই সাইফুল ইসলামের রাজনীতিতে প্রবেশ। ১৯৮৬ সালে ছাত্র থাকাকালীন পীরগঞ্জ উপজেলা ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত হন তিনি। দলের প্রতি আন্তরিকতা ও সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে অল্প সময়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেন। হয়ে ওঠেন সকলের আস্থাভাজন। ফলে তৎকালীন সময়ে মদনখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে ব্যাপক আলোচনায় আসেন। ১৯৯৭ সালে বিএনপি পীরগঞ্জ থানা সভাপতি ও রংপুর জেলা কমিটিতে প্রচার সম্পাদকের দায়িত্ব পান। সততার সঙ্গে দলীয় কার্যক্রম পালনকালে ২০১৪ সালে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও ২০১৭ সালে বিএনপি’র সভাপতি নির্বাচিত হন। মাটি ও মানুষের নেতা উপাধি পেলে তার জনপ্রিয়তা দেখে আওয়ামী লীগ সরকার দলে নেয়ার প্রস্তাব দেয়। সাইফুল এ প্রস্তাব প্রত্যাখ্যান করলে তার ওপর নেমে আসে মামলা ও হয়রানির খড়গ।
২০২৪ সালে আওয়ামী সরকারের পতনের পর সাইফুল ইসলাম দলের মূল্যায়ন পেয়ে রংপুর-৬ পীরগঞ্জ আসনে সংসদ সদস্য প্রার্থীর মনোনয়ন পান। এক লাখ ১৭ হাজার ৭০৩ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নিকট স্বল্প ভোটে পরাজিত হলে ভোট কারচুপির অভিযোগ এনে ষড়যন্ত্রের মাধ্যমে তাকে হারানো হয়েছে বলে অভিযোগ তোলেন স্থানীয়রা। পুনরায় ভোট গণনার দাবিতে লক্ষাধিক মানুষ রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধসহ বিক্ষোভ করে দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। ফলে ভেঙে পড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি। অবস্থা বেগতিক দেখে বিএনপি’র কেন্দ্রীয় হাইকমান্ডের নির্দেশে কর্মসূচি প্রত্যাহার করা হয়। সাইফুলের এ জনপ্রিয়তার মূল্যায়ন করে গত ১৬ই মার্চ রংপুর জেলা পরিষদ প্রশাসক পদ প্রদান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের অন্যতম বৃহত্তম সিটি সেন্টারের ১৫ বছর থেকে ঝুলে থাকা কাজের বাধা- সামনে পরিত্যক্ত ঝুঁকিপূর্ণ ঘোষিত মিনি মার্কেট।
প্রশাসকের চেয়ারে বসে সাইফুল ব্যবসায়ীদের নিয়ে আলোচনার মাধ্যমে ৩০ বছরের জটিলতার অবসান ঘটিয়ে শপিং কমপ্লেক্সের কাজ শুরু করে ফের আলোচনায় আসেন। ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষদের মুখে মুখে রয়েছে এ প্রশাসকের কক্ষ সকলের জন্য উন্মুক্ত। আর্থিক সহযোগিতাসহ সকল সমস্যা সমাধান করে সামাজিক কর্মকাণ্ডে তিনি ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম মানবজমিনকে বলেন, আমি শাসক না সেবক হিসেবে কাজ করতে চাই। আজ সময় এসেছে বিএনপি’র হাতে দেশ গড়ার। বিএনপি’র চেয়ারম্যান দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সমতাভিত্তিক উন্নয়নের লক্ষ্যে এ অঞ্চলে শিল্প কলকারখানা ও কৃষি উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছেন। স্বাস্থ্যসেবা ও মাদক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারসহ পীরগঞ্জে বিশাল মাদক নিরাময় কেন্দ্র স্থাপনের টেন্ডারের কাজ সম্পন্ন করেছেন।
