চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল-ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ ভারতীয় গাঁজা উদ্ধার করেছে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)। সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা কামারপাড়া গ্রামের একটি আম বাগানে এ অভিযান পরিচালনা করে বিজিবি। বিজিবি সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মাহমুদের নেতৃত্বে বারাদী বিওপি’র একটি টহল দল সীমান্ত মেইন পিলার বাংলাদেশের অভ্যন্তরে কামারপাড়া গ্রামের একটি আম বাগানে অবস্থান নেয়।
এ সময় সেখানে তল্লাশি চালিয়ে মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় আসামিবিহীন এসব উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে একটি ৭.৬৫ মিলিমিটার বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি এবং ২ কেজি ভারতীয় গাঁজা। চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলি দর্শনা থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
