চাঁদপুরের শাহরাস্তিতে অজ্ঞাতনামা এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার উপজেলার পাড়ানগর মিজিবাড়ি এলাকার একটি খাল থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে চাঞ্চল্যের সৃষ্টি হয়। সোমবার সকালে গণমাধ্যামকে বিষয়টি নিশ্চিত করে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন বিকালে একই এলাকার বাসিন্দা নুরুল ইসলামের স্ত্রী শাহনারা বেগম (৬৫) এবং তার পুত্রবধূ শিরিনা বেগম (২৮) বাড়ির পূর্ব পাশে নিজেদের জমিতে কাজ করছিলেন। এ সময় খালের পানিতে একটি প্লাস্টিকের ব্যাগ ভাসতে দেখেন তারা।
পরে ব্যাগটি তুলে খুললে ভেতরে ৪ থেকে ৫ দিন বয়সী নবজাতকের মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে শাহরাস্তি মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, উদ্ধার হওয়া নবজাতকটি ছেলে শিশু। তার বয়স আনুমানিক ৪ থেকে ৫ দিন হতে পারে। তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
