ধর্ষণের আলামতসহ কংস নদী থেকে ৫ বছর বয়সী এক শিশুর লাশ উদ্বার করা হয়েছে। উপজেলার গোয়াতলা ইউনিয়নের টাঙ্গাটি গ্রামে এই ঘটনা ঘটে। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকালে বাড়ির পাশে খেলাধুলা করার সময় নিখোঁজ হয় শিশু নিছা আক্তার (৫)। পরিবারের লোকজন শিশুটির খোঁজাখুঁজি করে কোথাও সন্ধান না পেয়ে এলাকার মসজিদে মাইকিং করা হয়। একপর্যায়ে বাড়ির পাশে কংস নদীর পাড়ে শিশুটিকে জুতা পরে থাকতে দেখে এলাকাবাসী। তখন পরিবারের লোকজন নদীতে খুঁজতে গিয়ে কংস নদী থেকে রাত ৮ টায় শিশু নিছার লাশ উদ্ধার করা হয়। স্বাভাবিক মৃত্যু ভেবে লাশ দাফনের জন্য গোসল করানোর সময় শরীর থেকে রক্তক্ষরণ হয়।
বিষয়টি পুলিশকে জানানো হলে রাতেই লাশ উদ্ধার করে ধোবাউড়া থানায় নিয়ে আসা হয়। সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ধোবাউড়া- হালুয়াঘাট সার্কেল মিজানুর রহমান এবং ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম। পুলিশ ঘটনাস্থল থেকে ধর্ষণের আলামত সংগ্রহ করে এবং জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন ৩ জনকে আটক করা হয়। ইউপি চেয়ারম্যান জাকিরুল ইসলাম টুটন বলেন, শিশুটির বয়স এখনো ৫ বছর পূর্ণ হয়নি, পৃথিবীতে এসে কিছু বুঝে উঠার আগেই ধর্ষণ করে হত্যা করার মানসিকতা যারা ধারণ করে তাদের ফাঁসি চাই।
যাতে সমাজে এ ধরনের ঘটনা আর না ঘটে। ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি শিশুটি ধর্ষণে মারা গেছে।
ইতিমধ্যে কিছু আলামত সংগ্রহ করেছি এবং জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন ৩ জনকে আটক করেছি।
