ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় জামালপুর এক্সপ্রেস ট্রেনের কাপলিং ভেঙে ইঞ্জিন থেকে বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে রেলওয়ে কর্তৃপক্ষের উদ্যোগে প্রায় দুই ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকার পর দুপুর আড়াইটার দিকে রেললাইন চালু করা হয়। পরে ঢাকা-জামালপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
সোমবার দুপুরে ঢাকা-জামালপুর রুটের কাওরাইদ ও মশাখালী স্টেশনের শহীদনগর এলাকায় এ ঘটনা ঘটে। রেলওয়ে সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনটি শহীদনগর এলাকায় পৌঁছালে হঠাৎ ইঞ্জিনের কাপলিং ভেঙে যায়। এ সময় ইঞ্জিনের সঙ্গে থাকা বগিগুলো আলাদা হয়ে পড়ে। পরে ট্রেনটি ঘটনাস্থলেই আটকে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে মশাখালী স্টেশন মাস্টার জুন্নুন হাসান খান জানান, কাপলিং ভেঙে ট্রেনের বগি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরিস্থিতি স্বাভাবিক করতে ময়মনসিংহ থেকে রিলিফ ইঞ্জিন আনা হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
