চুয়াডাঙ্গার দর্শনা থানার জয়নগর সীমান্ত দিয়ে ১১ জন বাংলাভাষী ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দেয়ার চেষ্টা ব্যর্থ হয়েছে। ৬ বিজিবি ব্যাটালিয়নের তৎপরতায় সেই চেষ্টা রুখে দেয়া হয়। পরে তাদেরকে সীমান্ত এলাকা থেকে সরিয়ে নিয়ে যায় বিএসএফ। ঘটনাটি ঘটেছে রোববার ভোর ৪টার দিকে।
প্রত্যক্ষদর্শী ও বিজিবি সূত্র জানায়, দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টের পাশে ৭৭ নম্বর মেইন পিলার সংলগ্ন ভারতীয় অংশে ভোরের দিকে ১১ জন বাংলাভাষী ব্যক্তিকে জড়ো করে বিএসএফ। উদ্দেশ্য ছিল- তাদের বাংলাদেশে প্রবেশ করানো।
খবর পেয়ে দ্রুত সতর্ক অবস্থান নেয় বিজিবি সদস্যরা। স্থানীয় গ্রামবাসীরাও তাদের সঙ্গে যোগ দেন। পরিস্থিতি বুঝে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় বিএসএফ। পরে জড়ো করা ১১ জনকে শূন্যরেখা এলাকা থেকে সরিয়ে নেয়া হয়। ৬ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিএসএফের পক্ষ থেকে পুশইনের চেষ্টা করা হয়েছিল। বিজিবি তা প্রতিহত করেছে এবং পরে সংশ্লিষ্ট ব্যক্তিদের সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে।
