বর্তমান শিক্ষাব্যবস্থা বেকার বাড়াচ্ছে

বর্তমান শিক্ষাব্যবস্থা বেকার বাড়াচ্ছে

ফন্ট সাইজ:

শিক্ষা বেকারত্ব কমানোর জন্য হলেও, বর্তমান শিক্ষাব্যবস্থা বেকার বাড়াচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শনিবার শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকার প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে (পিটিআই) এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয় বেকারত্ব বাড়ানোর নাকি কমানোর কারখানা? যে শিক্ষাব্যবস্থা বেকারত্ব বাড়ায় তা থেকে বের হয়ে কার্যকরী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে। সবাইকে দুর্নীতিমুক্ত থাকতে হবে। শুধু অর্থনৈতিক দুর্নীতি দূর নয়, নৈতিকতার দুর্নীতিও দূর করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়ে সরকারের টাকা নেবেন, কিন্তু কেউ পাস করবে না। তাহলে কি সেই টাকা হারাম হবে না?

তিনি বলেন, প্রাথমিক শিক্ষায় পাঠদান পদ্ধতি আরও যুক্তিযুক্ত করতে হবে। শিশুদের হাতে-কলমে শিক্ষার ওপর দিতে হবে গুরুত্ব। যে শিক্ষাব্যবস্থা বেকারত্ব বাড়ায় তা বাদ দিয়ে কার্যকরী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে।
এসময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষা ঠিকমতো দিতে না পারলে দেশ গঠন সম্ভব নয়। বিশ্বমানের শিক্ষা সারা দেশে ধারাবাহিকভাবে চালু করতে হবে। আগামীর বাংলাদেশ গড়তে হলে শিক্ষার ভিত্তি শক্ত করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব দপ্তরে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। আগামী পাঁচ বছরে মন্ত্রণালয়ের কোথাও কোনো ধরনের দুর্নীতির সঙ্গে তার সম্পৃক্ততা পাওয়া যাবে না বলেও জানান তিনি। আলোচনা অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন