হরমুজে ১০৭ দিন ধরে আটকা ৫৬২ ভারতীয় নাবিক

হরমুজে ১০৭ দিন ধরে আটকা ৫৬২ ভারতীয় নাবিক

ফন্ট সাইজ:

হরমুজ প্রণালি ও ওমান উপসাগরে গত ১০৭ দিন ধরে আতঙ্ক-অনিশ্চয়তার মধ্যে আটকা পড়ে আছেন ৫৬২ জন ভারতীয় নাবিক। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত শুরুর পর থেকে ১৩টি ভারতীয় পতাকাবাহী জাহাজ সেখানে আটকে রয়েছে। এর মধ্যেই একটি জাহাজে অসুস্থ হয়ে মারা যাওয়া ভারতীয় নাবিক নিশান্ত উর্থানাথনের মরদেহ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে দিল্লি কর্তৃপক্ষ।

রোববার (১৪ জুন) ওমানের রাজধানী মাসকাটে অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানায়, চিকিৎসাজনিত কারণে মারা যাওয়া নিশান্ত উর্থানাথনের পরিবারের সদস্যদের সঙ্গে তারা নিয়মিত যোগাযোগ রাখছে। একই সঙ্গে জাহাজটির ক্রু সদস্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গেও দূতাবাস সার্বক্ষণিক যোগাযোগ বজায় রেখেছে।

বিবৃতিতে বলা হয়, তার মরদেহ যত দ্রুত সম্ভব জাহাজ থেকে নামিয়ে ভারতে পাঠানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। নিশান্ত উর্থানাথন যে জাহাজে কর্মরত ছিলেন, সেই এমটি সেলেস্টিয়াল বর্তমানে ওমানের দুকম বন্দরে অবস্থান করছে।

ভারতীয় দূতাবাস জানিয়েছে, জাহাজটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গেও তারা নিবিড় যোগাযোগ রাখছে এবং সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতায় মরদেহ দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে।

ভারতের নৌপরিবহণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে ১৩টি ভারতীয় পতাকাবাহী কার্গো জাহাজে থাকা ৫৬২ জন ভারতীয় নাবিক হরমুজ প্রণালি ও ওমান উপসাগরে আটকা পড়ে আছেন। এর মধ্যে ৩২৯ জন নাবিক হরমুজ প্রণালির পশ্চিম অংশে এবং ২৩৩ জন ওমান উপসাগরে, প্রণালির পূর্ব দিকে অবস্থান করছেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকেই তারা সেখানে আটকা পড়ে আছেন। দীর্ঘ এই সময়ে ভয় ও অনিশ্চয়তার পরিবেশে কঠিন পরিস্থিতির মধ্যে দিন কাটাতে হচ্ছে তাদের।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন