অন্তর্বর্তী সরকারের যাওয়ার সময় হয়েছে মন্তব্য করে সিপিডি’র সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, তাদের যতটুকু সংস্কার করার সুযোগ ছিল, যেটুকু সংস্কার করার জায়গা ছিল, যেটুকু বিচার করার জায়গা ছিল, ওনাদের দম ফুরিয়ে গেছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের যেটুকু সক্ষমতা, যেটুকু সম্ভাবনা, তা শেষ সীমায় চলে গেছে। এখন ওনারা যেটা করতে পারেন, তা হলো একটা ভালো নির্বাচন। রোববার সকালে রাজধানীর একটি হোটেলে ‘অঙ্গীকার থেকে বাস্তবায়ন: রাজনৈতিক অন্তর্ভুক্তি ও গণতান্ত্রিক জবাবদিহিতা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি দেবপ্রিয় ভট্টাচার্য এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)। দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেন, প্রধান উপদেষ্টার কথার সঙ্গে কাজের সম্পর্ক নেই। তিনি বললেন, ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবাই এক ছাতার নিচে থাকবে। কিন্তু ছাতা তো খুললই না। বৃষ্টি পড়ে যাচ্ছে। দেবপ্রিয় ভট্টাচার্য মনে করেন আসন্ন নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়। তবে অংশগ্রহণমূলক করার সুযোগ এখনো আছে।
তিনি বলেন, নারী হোক, অন্যান্য জনগোষ্ঠী হোক বা ভিন্নমতের রাজনীতির মানুষ হোক নির্বাচনে সবার অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে। পিছিয়ে পড়া মানুষদের ভোটে আনা এবং ভোটের আগে-পরে তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারকে নিতে হবে। তিনি মনে করেন, সরকারের সামনে ভালো কাজ করার শেষ সুযোগ এটি। এই সরকার যদি সর্বশেষ ভালো কাজটি করে যেতে পারে, তাহলে ইতিহাসের পাতায় তাদের কিছুটা জায়গা পাওয়ার সুযোগ হলেও হতে পারে। অন্তর্বর্তী সরকারের মুখপাত্রের বিরুদ্ধে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ে বুদ্ধিবৃত্তিক অপপ্রচার ও তথ্য বিকৃতির অভিযোগ তুলেছেন এই অর্থনীতিবিদ। তার মতে, সরকারের ভেতর থেকেই সংখ্যালঘু নির্যাতনের তথ্য খণ্ডিতভাবে উপস্থাপন করা হয়েছে, যা একটি দুর্বল জনগোষ্ঠীর ওপর সংঘটিত সহিংসতার বাস্তবতাকে আড়াল করে। নির্বাচন প্রসঙ্গে দেবপ্রিয় বলেন, রাজনৈতিক দলগুলোর ইশতেহারে আরও সুস্পষ্ট ও প্রগতিশীল অঙ্গীকার আসতে পারতো। তবে যেটুকু এসেছে, সেটুকুর বাস্তবায়ন নজরদারির মধ্যেই রাখতে হবে। অংশগ্রহণমূলক নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্ভুক্তির ক্ষেত্রে ঘাটতি ছিল, এটা অস্বীকার করার উপায় নেই। এখনো অংশগ্রহণের ঘাটতি পূরণের সুযোগ রয়েছে। নারী, সংখ্যালঘু, ভিন্নমতের রাজনৈতিক শক্তি- সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ভোটে অংশগ্রহণ নিয়ে তিনি বলেন, যারা বলেন ভোট না দিয়ে মত প্রকাশ করা উচিত, তারা এই মুহূর্তে দেশের জন্য উপকারী চিন্তা করছেন না। ভোটই আমাদের শক্তি। ভোটের সময় সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের উল্লেখ করে দেবপ্রিয় বলেন, সহিংসতাহীন একটি নির্বাচন আয়োজনের মাধ্যমে সরকার যদি শেষ ভালো কাজটি করে যেতে পারে, তাহলে ইতিহাসের পাতায় তাদের কিছুটা জায়গা পাওয়ার সুযোগ তৈরি হতো।
অনুষ্ঠানে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার জানিয়েছেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশনে দায়িত্ব পালন করলেও তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের অংশ ছিলেন না। তিনি বলেন, এ বিষয়ে একটি ভুল বোঝাবুঝির অবসান জরুরি। সরকারের অগ্রাধিকার ও জনগণের দাবির পরিপ্রেক্ষিতে নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সহায়তা করার চেষ্টা করা হয়েছে, তবে সরকারে অংশগ্রহণকারী হিসেবে কাজ করা হয়নি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিজিএসের সভাপতি জিল্লুর রহমান।
প্রধান উপদেষ্টার কথার সঙ্গে কাজের সম্পর্ক নেই
স্টাফ রিপোর্টার
৯ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
