দেশের কিংবদন্তি সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদীকে বিশেষ সম্মাননা দিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত ‘কালজয়ী কণ্ঠ: শ্রদ্ধা ও ভালোবাসায় সৈয়দ আব্দুল হাদী’ শীর্ষক অনুষ্ঠানে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহেদ উর রহমান, জাসাস আহ্বায়ক হেলাল খান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন, শিল্পকলা একাডেমি’র সচিব মোহাম্মদ জাকির হোসেন। সম্মাননা গ্রহণের পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগঘন কণ্ঠে সৈয়দ আব্দুল হাদী বলেন, সবার প্রশংসায় আমি অভিভূত। আমি শুধু অনুরোধ করবো, আমরা যেন দেশটাকে ভালোবাসি এবং নিজেদের আচরণে দেশকে ভারাক্রান্ত না করি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, হাদীর গান শুনেই তাদের প্রজন্ম বড় হয়েছে। বাংলা চলচ্চিত্রে তার কণ্ঠ অসংখ্য দর্শককে মুগ্ধ করেছে। বিগত সময়ে আমাদের সংস্কৃতির অনেক ক্ষতি হয়েছে।
কোথাও যেন প্রয়োজনীয় যত্ন ও আধুনিক পরিকল্পনার ঘাটতি ছিল। আমরা সংস্কৃতি অঙ্গনকে নতুনভাবে সাজাতে চাই। রবীন্দ্রনাথ, নজরুলসহ দেশের সামগ্রিক সাংস্কৃতিক পরিমণ্ডলকে এগিয়ে নিতে কাজ করছি। অনুষ্ঠানের শুরুতে শিল্পীর দীর্ঘ সংগীতজীবন ও অবদান নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। আলোচনা শেষে অনুষ্ঠিত হয় বিশেষ সংগীতানুষ্ঠান। সেখানে বর্তমান প্রজন্মের শিল্পীরা সৈয়দ আব্দুল হাদীর জনপ্রিয় গান পরিবেশন করেন। শেষ পর্বে সমবেত কণ্ঠে ‘আছেন আমার মোক্তার’ ও ‘সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি’ গান দু’টি পরিবেশিত হলে পুরো মিলনায়তন শিল্পীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় মুখর হয়ে ওঠে।
