বৈশাখী টিভি’র পর্দায় গতকাল থেকে শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘গ্রামের নাম সুন্দরপুর’। নাটকটি প্রতি সপ্তাহের শনিবার, রোববার ও সোমবার রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে। নাটকটি চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন আকাশ রঞ্জন। গ্রামীণ জীবনের পরিবর্তন, সামাজিক সম্পর্কের অবক্ষয় এবং মানবিকতার সংকটকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এই ধারাবাহিক। এতে তুলে ধরা হয়েছে- বর্তমান সময়ের নৈতিক অবক্ষয়, সামাজিক বিচ্ছিন্নতা এবং মানবিক সম্পর্কের সংকট। নির্মাতা আকাশ রঞ্জন বলেন, ‘গ্রামের নাম সুন্দরপুর’ শুধু একটি গ্রাম নয়, বরং এটি আজকের সমাজেরই প্রতিচ্ছবি।
একসময় সুন্দরপুর গ্রামে মানুষের মধ্যে যে আন্তরিকতা, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা ছিল, সময়ের পরিবর্তনে তা অনেকটাই হারিয়ে গেছে। উন্নয়ন হয়েছে ঠিকই, কিন্তু মানুষের মানসিক পরিবর্তন ঘটেছে আরও দ্রুত।
তিনি বলেন, একসময় গ্রামের খোলা মাঠে ফুটবল, হাডুডু, দাড়িয়াবাঁধা, গোল্লাছুটের মতো খেলা ছিল মানুষের বিনোদনের অংশ। যাত্রাপালা ও সিনেমা ছিল সামাজিক বিনোদনের মাধ্যম। কিন্তু এখন মোবাইল ফোন ও ব্যক্তিকেন্দ্রিক জীবনযাপন মানুষের পারস্পরিক সম্পর্ককে দূরে ঠেলে দিচ্ছে। নাটকে অভিনয় করেছেন- শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, শফিক খান দিলু, শাকিলা পারভীন, মুকুল সিরাজ প্রমুখ।
