বগুড়ায় চাঁদাবাজির অভিযোগে সাবেক ছাত্রদল নেতাসহ চারজন গ্রেপ্তার

বগুড়ায় চাঁদাবাজির অভিযোগে সাবেক ছাত্রদল নেতাসহ চারজন গ্রেপ্তার

ফন্ট সাইজ:

বগুড়ায় এক সরকারি কর্মচারীকে অপহরণ করে দুই লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে সাবেক ছাত্রদল নেতাসহ চারজনকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার বিকালে তাদেরকে কারাগারে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক ইকবাল বাহার এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন- গাবতলী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও মহিষাবান সরকার পাড়া এ.ইউ দাখিল মাদ্রাসার সভাপতি মাহমুদুল হাসান মোহন, তার সহযোগী মেহেদী হাসান, রবিউল ইসলাম রকি ও আশেকুল ইসলাম।
জানা গেছে, বগুড়া সদর উপজেলা প্রকৌশলী কার্যালয়ে কর্মরত কার্যসহকারী আব্দুল হান্নান গত ১৬ই ফেব্রুয়ারি বিকালে শহরের জলেশ্বরীতলা এলাকায় একটি রেস্টুরেন্টে এক নারীর সঙ্গে কফি পান করছিলেন। এ সময় গ্রেপ্তারকৃতরা রেস্টুরেন্টে প্রবেশ করে আব্দুল হান্নান ও ওই নারীকে অপহরণ করে তুলে নিয়ে যায়। পরে একটি ঘরে আটকে রেখে ওই নারীর সঙ্গে বিভিন্ন ধরনের ছবি তোলার পর মারধর করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। আব্দুল হান্নান মান-সম্মানের কারণে তাৎক্ষণিক ২০ হাজার টাকা দেন এবং পরে ব্যাংক থেকে আরও ১ লাখ ৮০ হাজার টাকা তুলে দেন। অপহরণকারীরা আব্দুল হান্নানের কাছে ৩০০ টাকার স্ট্যাম্পে স্বাক্ষর করে নিয়ে ছেড়ে দেন। পরদিন থেকে বাকি ৮ লাখ টাকার জন্য মোবাইল ফোনে চাপ দিতে থাকেন। এ কারণে গত ১৯শে ফেব্রুয়ারি বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। শুক্রবার গ্রেপ্তারকৃত চারজনকে আদালতে হাজির করা হলে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন