মৌলভীবাজারে বিএসএফ-এর গুলিতে বাংলাদেশি যুবক নিহত

মৌলভীবাজারে বিএসএফ-এর গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ফন্ট সাইজ:

মৌলভীবাজার সীমান্তবর্তী কুলাউড়া উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর গুলিতে মুজিবুর রহমান (২৮) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তের ভারতের লখাইরচর এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত মুজিবুর রহমান উপজেলার দত্তগ্রাম এলাকার মৃত অজিবুর রহমানের ছেলে। নিহতের লাশ ভারতের উনকোটি জেলা হাসপাতালে রয়েছে। আজ শনিবার ময়নাতদন্ত ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে লাশ বাংলাদেশে পাঠানোর কথা রয়েছে।

স্থানীয় বাসিন্দা, বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, মুজিবুর রহমানসহ ওই এলাকার ৬-৭ জন যুবক শুক্রবার সন্ধ্যায় দত্তগ্রাম সীমান্ত সংলগ্ন ভারতের লখাইরচর এলাকায় ভারতীয় চোরাই মালামাল আনতে গিয়েছিলেন। এ সময় লাটিয়াপুড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলে মুজিবুর রহমান নিহত হন। তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে এসে রক্ষা পায়।

কুলাউড়া থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, গুলিবিদ্ধ হয়ে মুজিবুর রহমান মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশের একটি টিম গেছে। পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

৪৬ বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ গণমাধ্যমকে বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় দত্তগ্রাম সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশি ৬-৭ জনের চোরাকারবারির দল ভারতীয় চোরাকারবারিদের সহায়তায় মালামাল আনতে যান। সীমান্তবর্তী পিলার ১৮৫২/৫-এস থেকে আনুমানিক ৫০০ গজ ভারতের অভ্যন্তরে লখাইরচর নামক স্থানে অবৈধভাবে প্রবেশ করেন তারা। এ সময় লাঠিয়াপুড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা চোরাকারবারিদের বাধা দিলে তারা বিএসএফ সদস্যদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে আক্রমণের চেষ্টা করেন। বিএসএফ সদস্যরা আত্মরক্ষার্থে চোরাকারবারীদের ওপর ২-৩ রাউন্ড গুলি ছুড়লে মুজিবুর রহমান ঘটনাস্থলে নিহত হন। তার সঙ্গে থাকা অন্যরা বাংলাদেশের অভ্যন্তরে পালিয়ে আসেন।’

তিনি আরও বলেন, ‘বিএসএফ-এর সঙ্গে যোগাযোগ হয়েছে। তারা জানিয়েছে নিহতের লাশ ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে দুই দেশের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে পাঠানো হবে।’

Abul Kashem

৩ ঘন্টা আগে

বাংলাদেশের কোথায় কোথায় ভারতীয়রা লুকিয়ে আছে, খুঁজে খুঁজে বের কর, করব দাও।

মন্তব্য করুন