মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মধ্যরাতে শহীদ মিনারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীকে ফুল দেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীকে ফুল হাতে শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে স্লোগান দিতে দেখা যায়।
শুক্রবার দিবাগত রাতে ধারণ করা প্রায় ২২ সেকেন্ডের ওই ভিডিও এবং কয়েকটি স্থিরচিত্র ফেসবুকে শেয়ার করেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী। পোস্টে উল্লেখ করা হয়, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক রনি মির্জার পক্ষ থেকে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। ভিডিওতে ‘ভাষা শহীদের স্মরণে, ভয় করি না মরণে’, ‘ইসলামিয়া কলেজ ছাত্রলীগ, নেতা মোদের শেখ মুজিব’ এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে শোনা যায়। তবে ভিডিওটি চট্টগ্রামের কোন শহীদ মিনারে এবং ঠিক কখন ধারণ করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ফেসবুক পোস্টেও শহীদ মিনারের সুনির্দিষ্ট অবস্থান উল্লেখ করা হয়নি।
শনিবার সকালে একই ফেসবুক আইডি থেকে শহীদ মিনারে ফুল দেয়ার আরও কয়েকটি ছবি ও ভিডিও শেয়ার করা হয়। এক পোস্টে ৪২ নম্বর নাসিরাবাদ (সাংগঠনিক) ওয়ার্ড ছাত্রলীগ নেতা আলাউদ্দীন শিবলুর পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর কথা বলা হয়। অন্য একটি পোস্টে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের পক্ষ থেকে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদনের কথা উল্লেখ করা হয়। এছাড়া বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে গন্ডামারা ইউনিয়নের শহীদ মিনারে ফুল দেয়ার তথ্য জানানো হয়। একইসঙ্গে চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের যুব সংগঠক উম্মে কাওসার এপি’র পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদনের বিষয়টি পোস্টে তুলে ধরা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
চট্টগ্রামে মধ্যরাতে শহীদ মিনারে নিষিদ্ধ ছাত্রলীগের ফুল ও স্লোগান
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
২২ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
