বাজেটের পর স্থিতিশীল নিত্যপণ্যের দাম

বাজেটের পর স্থিতিশীল নিত্যপণ্যের দাম

ফন্ট সাইজ:

নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পরও রাজধানীর নিত্যপণ্যের বাজারে তেমন কোনো প্রভাব পড়েনি। বেশির ভাগ পণ্যের দাম পূর্বের অবস্থানেই রয়েছে। যদিও বাজেট ঘোষণার পর বাজারদরে অস্থিরতার প্রবণতা দেখা যায়। তবে এবারের চিত্র ভিন্ন। বিশেষ করে মৌসুমি সবজির সরবরাহ ভালো থাকায় বাজারে সবজির দাম তুলনামূলক কম রয়েছে। ঈদের পর থেকে এখন পর্যন্ত ঢাকার কাঁচাবাজারের দর অনেকটাই স্থিতিশীল অবস্থায় রয়েছে। বাজেট উপস্থাপনের পরের দিনও পরিস্থিতি তেমনই স্বাভাবিক।

শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ধান, চাল, গম, আলু, হাঁস-মুরগি, মাছ, পিয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্য তেলসহ অন্তত ৬০টি নিত্যপণ্যের ওপর উৎসে কর কমিয়ে শূন্য দশমিক ৫ শতাংশ করার প্রস্তাব করায় বাজেট প্রস্তাবের পর এসব পণ্যের দাম বাজারে আরও কিছুটা কমার সুযোগ তৈরি হয়েছে। তবে এর কোনো দৃশ্যমান প্রভাব এখনো খুচরা বাজারে পড়তে দেখা যায়নি।

বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি পিয়াজ ৪০ টাকা, আলু ৩০ টাকা, টমেটো ১২০ টাকা, পেঁপে ৫০ টাকা, পটোল ৫০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, বেগুন ৮০ টাকা, ধুন্দল ৬০ টাকা এবং চিচিঙ্গা ৮০ টাকায় বিক্রি হতে দেখা যায়। এ ছাড়া মিষ্টি কুমড়া প্রতি কেজি ৪০ টাকা, কাঁচা মরিচ ১২০ টাকা এবং ধনেপাতা ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
প্রতি পিস ফুলকপি, বাঁধাকপি ও লাউ ৬০ টাকায় বিক্রি হচ্ছে। পুঁইশাক প্রতি আঁটি ৩০ টাকা এবং লালশাক ১৫ টাকা আঁটি দরে বিক্রি হচ্ছে। বাজারে সোনালি কক মুরগি কেজিতে ১০ টাকা বেড়ে ৩৩০ টাকা ও সোনালি হাইব্রিড মুরগি ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাল লেয়ার ৩৭০ টাকা, ব্রয়লার ১৫৫ টাকা ও দেশি মুরগি ৭৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

কাওরান বাজারের সবজি বিক্রেতা মোহাম্মদ মহিউদ্দিন বলেন, বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় ক্রেতারাও তুলনামূলক কম দামে সবজি কিনতে পারছেন। বাজেট ঘোষণার পর এখন পর্যন্ত দামে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। সরবরাহ স্বাভাবিক থাকলে সামনে দাম আরও কিছুটা কমতে পারে। মগবাজারের সবজি বিক্রেতা রনি মিয়া বলেন, ঈদের পর থেকে সবজির বাজার মোটামুটি স্থিতিশীল। পটোল, ঢেঁড়স, পেঁপে, ধুন্দলসহ বেশির ভাগ সবজির দাম সাধারণ মানুষের নাগালের মধ্যেই রয়েছে। ক্রেতারাও আগের তুলনায় কিছুটা স্বস্তিতে কেনাকাটা করছেন।

মগবাজারে কেনাকাটা করতে আসা ব্যবসায়ী মিন্টু বলেন, জিনিসপত্রের দাম দিনদিন বৃদ্ধি পাচ্ছে। গত কয়েকদিনে সবজির দাম কিছুটা কমলেও এখন অধিকাংশ সবজি ৬০-৮০ টাকা কেজি দরে কিনতে হচ্ছে। ধনেপাতার কেজি হয়ে গেছে ৩০০ টাকা। একটার দাম কমলে আরেকটার দাম বেড়ে যায়। সাপ্তাহিক ছুটির দিনে মগবাজার কাঁচাবাজারে কেনাকাটা করতে আসা বেসরকারি চাকরিজীবী আব্দুর রহমান বলেন, বাজেট ঘোষণার পরদিনও সবজির দামে কোনো পরিবর্তন দেখা যায়নি। বেশির ভাগ সবজি আগের দামে বিক্রি হচ্ছে। যদিও কিছু সবজির দাম ১০০ টাকার বেশি, তবে অধিকাংশ পণ্যের দাম ৫০ থেকে ৮০ টাকার মধ্যেই রয়েছে। কাওরান বাজারে বাজার করতে আসা নাসির আহমেদ বলেন, গত সপ্তাহের তুলনায় বাজারে তেমন কোনো পরিবর্তন নেই। বাজেট ঘোষণার প্রভাব এখনো সবজির বাজারে পড়েনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন