সংস্কারের প্রতিফলন নেই বাজেটে

সংস্কারের প্রতিফলন নেই বাজেটে

ফন্ট সাইজ:

সরকার ঘোষিত নতুন বাজেটকে ‘উচ্চাভিলাষী’ ও ‘বাস্তবতা বিবর্জিত’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তার দাবি, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় বাজেটে নির্ধারিত রাজস্ব আয়ের লক্ষ্য অর্জন কঠিন হবে। একইসঙ্গে ব্যাংকিং খাত, জ্বালানি খাত ও কর্মসংস্থান সংকট মোকাবিলায় সুস্পষ্ট দিকনির্দেশনারও অভাব রয়েছে।

গতকাল দুপুরে চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি সার্কিট হাউজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি ও এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী চট্টগ্রামের ঐতিহ্যবাহী জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা-সংলগ্ন দায়েম নাজির জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, আলেম-ওলামা ও মুসল্লিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

নাহিদ ইসলাম বলেন, সরকার প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেছে এবং রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৬ লাখ ৯ হাজার কোটি টাকা। কিন্তু দেশের ইতিহাসে এত রাজস্ব আদায়ের নজির নেই। বর্তমান করব্যবস্থা ও প্রশাসনিক কাঠামোর মধ্যে এমন লক্ষ্য অর্জন বাস্তবসম্মত নয়।

গত বাজেটে রাজস্ব আদায় হয়েছে তিন লাখ কোটির কিছু বেশি। সেখানে এক বছরের ব্যবধানে প্রায় দ্বিগুণ রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ অবাস্তব। এ বাজেটকে তারা উচ্চাভিলাষী বলেই মনে করেন। নাহিদ ইসলাম জানান, বাজেট ঘোষণার আগে এনসিপি একটি ‘ছায়া বাজেট’ উপস্থাপন করেছিল। সরকার চাইলে এখনো সেই প্রস্তাবগুলো বিবেচনায় নিতে পারে।

তিনি বলেন, রাজনৈতিক সংস্কারের পর অর্থনৈতিক সংস্কারের প্রত্যাশা ছিল। শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বৃদ্ধি এবং কিছু পণ্যে কর কমানোর উদ্যোগ ইতিবাচক হলেও সেগুলোর বাস্তবায়ন নিয়ে সংশয় রয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বিদ্যুতের দাম বৃদ্ধির সমালোচনা করে তিনি বলেন, অল্প সময়ের মধ্যে বিদ্যুতের দাম অতীতে এত বেশি বাড়েনি। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়েছে। বাজেটের আকার বড় হওয়ায় দুর্নীতির সুযোগও বাড়বে বলে মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও কার্ডভিত্তিক কর্মসূচিতে জবাবদিহি ও স্বচ্ছতার ঘাটতি রয়েছে।

এস আলম গ্রুপের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অতীতে জনগণের অর্থ লুটপাট করে বিদেশে অবস্থান করা প্রভাবশালীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট নয়। ইসলামী ব্যাংক নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। আদ্‌-দ্বীন হাসপাতাল প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ থাকলে সুষ্ঠু তদন্ত ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচার হওয়া উচিত। তিনি বলেন, দেশের অর্থনীতিতে বর্তমানে তিনটি বড় সংকট বিদ্যমান- ব্যাংকিং খাতের নাজুক অবস্থা, জ্বালানি ও বিদ্যুৎ খাতের অসম চুক্তি এবং তরুণদের কর্মসংস্থান সংকট। বাজেট ঘাটতি পূরণে অতিরিক্ত ঋণনির্ভরতা বেসরকারি বিনিয়োগ ও কর্মসংস্থানের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, দলটির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং সংশ্লিষ্ট বিষয়ে বিচারিক প্রক্রিয়া অব্যাহত থাকবে। চট্টগ্রামের জলাবদ্ধতা সমস্যার কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, সামান্য বৃষ্টিতেই নগরবাসী চরম দুর্ভোগে পড়েন। এ সমস্যা সমাধানে চট্টগ্রাম সিটি করপোরেশন ও প্রশাসনকে কার্যকর উদ্যোগ নিতে হবে। তিনি জানান, বাজেট ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সংসদের ভেতরে ও বাইরে এনসিপি তাদের মতামত ও প্রস্তাবনা তুলে ধরতে থাকবে। পাশাপাশি জুলাই সনদ ও গণভোটের আলোকে দ্রুত সংস্কার কার্যক্রম বাস্তবায়নেরও দাবি জানান তিনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন