নিখোঁজের দুইদিন পর ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদ থেকে আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী নুরুল্লাহ শাওনের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর ব্যাটবল চত্বর সংলগ্ন ব্রক্ষপুত্র নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শাওন ময়মনসিংহ নগরীর আনন্দ মোহন কলেজের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তিনি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের চরজাকালিয়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। লাশ ও নিখোঁজ ছাত্রের সহপাঠী সূত্রে জানা গেছে, গত বুধবার বিকালে জয়নুল আবেদিন উদ্যান এলাকা থেকে শাওন ও তার বন্ধু মঞ্জুরুল আহসান রিয়াদ ব্রহ্মপুত্র নদের বিপরীত পাশে বেড়াতে যান। সন্ধ্যা ৬টার দিকে দুই বন্ধুকে একটি ৭ জনের একটি ছিনতাইকারী কিশোর দল ঘিরে ধরে। তাদের কাছে যা আছে বের করে দিতে বলে। এসময় দুই বন্ধু নৌকা ভাড়া ছাড়া আর কোনো টাকা নেই জানালে তাদেরকে মারধর করা হয়। একপর্যায়ে শাওন প্রতিবাদ করলে বেদম মারতে শুরু করে। ওই সময় দুই বন্ধু দৌড়ে পালানোর চেষ্টা করলে চারজন পিছু নেয় শাওনের এবং তিনজন মঞ্জুরুলের। এসময় মঞ্জুরুল ব্রহ্মপুত্র নদে নেমে সাঁতরে পার হতে পারলেও শাওনের সন্ধান মেলেনি। পরে মঞ্জুরুল তীরে উঠে স্থানীয় এলাকাবাসী ও বন্ধুদের খবর দিয়ে দলটির ১৫ বছর বয়সি এক সদস্যকে ধরে থানা পুলিশের হাতে সোপর্দ করেন। রাতে শাওনের সন্ধান শুরু করলেও পাননি বন্ধুরা। পরদিন বৃহস্পতিবার সকালে শাওনের ব্যাগ ও জুতা পাওয়া যায়। ওই অবস্থায় পুলিশ ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিয়ে নদে সন্ধান চালালেও খোঁজ মেলেনি। এদিন বিকালে শাওনের মা শাহিদা বেগম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দেন। ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ৩ থেকে ৪ জনকে আসামি করে দেয়া অভিযোগটি পুলিশ সন্ধ্যায় মামলা হিসেবে নথিভুক্ত করে। মঞ্জুরুল আহসান বলেন, ছিনতাইকারীরা আমাকে ও শাওনকে ঘিরে ধরেছিল। আমাদের সঙ্গে থাকা মোবাইলফোন দিতে চাইলেও তারা মারধর করে। দুই বন্ধু আত্মরক্ষার্থে দু’দিকে ছুটে যাই। আমি বাঁচতে পারলেও বন্ধুকে খুঁজে পাওয়া যায়নি। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মো. নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ওসি বলেন, এখনো সুরতহাল করা হয়নি। তাই শরীরে আঘাতের চিহ্ন আছে কি-না জানা যায়নি। তবে এ ঘটনায় যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে চেষ্টা চলছে।
ময়মনসিংহে নিখোঁজের দুইদিন পর সেই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে
২২ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
