ওমান উপসাগরে জাহাজে পর পর হামলা

৪৮ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বার ভারতের মার্কিন দূতকে তলব

ফন্ট সাইজ:

ওমান উপসাগরে তিনটি ভারতীয় নাবিকবাহী জাহাজে হামলার ঘটনায় শুক্রবার মার্কিন কূটনীতিককে আবার ডেকে পাঠালো ভারতের পররাষ্ট্রমন্ত্রক। মার্কিন সেনার হামলায় একটি জাহাজের তিন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। এই আবহে ফের ডেকে পাঠানো হলো মার্কিন দূতাবাসের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জেসন মিক্সকে। গত ৪৮ ঘণ্টায় এই নিয়ে দ্বিতীয় বার ঘটলো এই ঘটনা। পর পর তিনটি ভারতীয় নাবিকবাহী জাহাজে হামলার ঘটনায় নরেন্দ্র মোদি সরকারের দিকে আঙ্গুল তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি এই ঘটনায় প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন। জানিয়েছেন, ‘আপস করা প্রধানমন্ত্রী’ দেশের সন্তানদের রক্ষা করতে ব্যর্থ। এর পরেই মার্কিন কূটনীতিককে ডেকে পাঠানো তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। গত বুধবার প্রথমবার মার্কিন কূটনীতিক জেসনকে ডেকে পাঠায় ভারত। পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, ‘‘বাণিজ্যিক জাহাজ এবং অসামরিক পরিকাঠামোকে নিশানা করা অবিলম্বে বন্ধ হওয়া দরকার। আন্তর্জাতিক আইন অনুসারে আন্তর্জাতিক জলপথ দিয়ে স্বাধীন, বাধাহীন নৌচলাচল নিশ্চিত করতে হবে। যত দ্রুত সম্ভব তা করা দরকার।’’ কিন্তু তার পরেও ফের ভারতের নাবিকবাহী জাহাজে হামলা করেছে মার্কিন বাহিনী। মাউন্ট জলবীর নামে ওই পণ্যবাহী জাহাজ থেকে অন্তত ২০ জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে বলে খবর প্রকাশ হয়েছে। বৃহস্পতিবার আমেরিকা বিবৃতি দিয়ে দাবি করে, ওই জাহাজ বেআইনি ভাবে ইরান থেকে তেল পরিবহন করছিল। নিষেধ গ্রাহ্য করেনি। তাই জাহাজের ইঞ্জিনরুম লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তার পরে শুক্রবার আবার মার্কিন কূটনীতিক জেসনকে ডেকে পাঠিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রক।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন